তদন্ত নিয়ে 'নাটক মঞ্চায়ন' হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সোহাগী জাহান তনুর হত্যার তদন্ত নিয়ে একের পর এক নাটক মঞ্চায়ন হচ্ছে’ বলে গতকাল বুধবার ঢাকায় এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন। তাঁদের মতে, ন্যায়বিচার বানচাল করতেই এসব করা হচ্ছে।
গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তনু হত্যার বিচারের দাবিতে ‘সুশাসনের জন্য নারী’ এ মানববন্ধনের আয়োজন করে।
সুশাসনের জন্য নারীর সভাপতি অধ্যাপক দিলারা চৌধুরী তনুর ময়নাতদন্তকারী চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘একবার বলেন আঘাতের চিহ্ন নেই। ১০ দিন পর বলছেন ধর্ষণের আলামত নেই। কীভাবে তনুর মৃত্যু হলো সেটা যদি আপনারা না-ই বলতে পারেন, তাহলে কিসের ডাক্তার আপনারা?’ ১৯৯৫ সালে ইয়াসমিন হত্যার বিচারের দাবিতে তখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় নেমেছিলেন উল্লেখ করে দিলারা চৌধুরী বলেন, ‘এখন তো আপনি আরও ক্ষমতাধর, তাহলে কেন তনু হত্যার বিচার করছেন না? কেন তনু হত্যা নিয়ে একের পর এক নাটক মঞ্চায়ন হচ্ছে?’
মানববন্ধনে নাজমুন নাহার নামের একজন পেশাজীবী বলেন, ‘কর্মক্ষেত্রে, গৃহে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বাইরে কোথাও আমরা নিরাপদ নই।’