জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে শিক্ষকের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার তদন্ত-প্রক্রিয়ায় প্রশাসন কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন বিভাগের একাধিক শিক্ষক। গতকাল বিভাগের ১৪ জন শিক্ষক স্বাক্ষরিত লিখিত এক বক্তব্যে এ অভিযোগ করা হয়।লিখিত বক্তব্য ও প্রশাসনের একাধিক সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর বিভাগীয় সাধারণ সভা চলাকালে বিভাগের শিক্ষক শাহজালাল সভাসংক্রান্ত একটি বিষয়ে আলোচনার একপর্যায়ে উত্তেজিত হয়ে প্রভাষক ইব্রাহিম খালেদকে লাঞ্ছিত করেন। উপস্থিত অন্যান্য শিক্ষক থামাতে গেলে ড. শাহজালাল একাধিক শিক্ষকসহ বিভাগের এক কর্মচারীকে লাঞ্ছিত করেন। ঘটনার পরপরই বিভাগে জরুরি সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নেন উপস্থিত শিক্ষকেরা। উপাচার্য শরীফ এনামুল কবির বিষয়টি জানার পর সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট সত্যাসত্য কমিটি গঠন করেন। ওই কমিটি প্রতিবেদন দাখিল করার পর ৮ নভেম্বর প্রশাসন সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।উপাচার্য শরিফ এনামুল কবির বলেন, নিয়ম অনুসারেই তদন্ত চলছে।