তদন্ত প্রতিবেদন এক বছরেও দাখিল হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এক বছরেও দাখিল করা হয়নি। ফলে শুরু হচ্ছে না বিচার কার্যক্রম।
টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের (ঙ অঞ্চল) বিচারক গোলাম কিবরিয়া ২৭ মে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরের আদেশ দেন। এ বিষয়ে জানতে চাইলে সিআইডির উপপরিদর্শক (এসআই) সোরহাব হোসেন বলেন, ‘অধিকতর তদন্তের স্বার্থে আদালতে প্রতিবেদন দিতে কিছুটা দেরি হচ্ছে।’
মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত বছরের ৬ অক্টোবর রাতে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫), তাঁর তিন মেয়ে উপজেলার গোড়াই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার (১৪), বাক্প্রতিবন্ধী মীম আক্তার (১০) ও ব্র্যাক স্কুলের নার্সারির শিক্ষার্থী মলি আক্তারকে (৭) ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহত হাসনার ভাই মোফাজ্জল হোসেন বাদী হয়ে ওই গ্রামের জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন।
এ ঘটনায় পুলিশ বিভিন্ন সময় এজাহারভুক্ত ও সন্দেহভাজন ২২ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে গত বছরের ১৫ অক্টোবর জাহাঙ্গীরের চাচাতো ভাই এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদকে ঢাকার কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গ্রেপ্তার করে। ২২ নভেম্বর জাহাঙ্গীরকে তাঁর নিজের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁরা দুজনেই টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঘটনার প্রায় চার মাস পর মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার তৎকালীন এসআই শ্যামল কুমার দত্ত হত্যাকাণ্ডে জাহাঙ্গীর ও তাঁর চাচাতো ভাই নুর মোহাম্মদের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হন। পুলিশ তাঁদের বিরুদ্ধে ৪৪৮/৩৩৬/৩০২/৩৪ ধারায় এবং এ ঘটনায় ৫০ লিটার পেট্রল সরবরাহের অভিযোগে ২৮৫ ধারায় মির্জাপুরে মাছরাঙা ফিলিং স্টেশনের চার কর্মচারীর বিরুদ্ধে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেয়।
২৫ মার্চ টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলার বাদী অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন। ২৭ মে নারাজির আবেদনের শুনানির সময় বাদী মোফাজ্জল হোসেন বলেন, তাঁকে না জানিয়ে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দিয়েছেন এবং এজাহারভুক্ত গুরুত্বপূর্ণ আসামিদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি বিবেচনায় এনে আদালত মামলাটি সিআইডিতে স্থানান্তরের আদেশ দেন।