তদন্ত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংকের করা অনুসন্ধান প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছেন হাইকোর্ট।
এ বিষয়ে করা একটি রিট আবেদনের ওপর দেওয়া রুলের শুনানির সময় বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও মুনতাসির উদ্দিন আহমেদ। দুদকের পক্ষে ছিলেন শফিকুল ইসলাম। আদালতের আহ্বানে শুনানিতে অংশ নেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
পরে খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, ঋণ জালিয়াতির অভিযোগে দুদক যে ৫৬টি মামলা করেছে, এ-সংক্রান্ত দুদকের অনুসন্ধান প্রতিবেদন সাত দিনের মধ্যে এবং এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বেসিক ব্যাংক যে বোর্ড সভায় ঋণগুলো অনুমোদন করছে, তার নথিগুলোও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
গত বছরের ১৬ নভেম্বর বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও পরিচালনা পর্ষদের সদস্যদের মামলায় অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। দুদক চেয়ারম্যান, অর্থসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ১৪ ডিসেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। নোয়াখালীর হারুনর রশিদ নামের এক ব্যক্তি এ রিটটি দায়ের করেন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, আবদুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় চার বছর তিন মাসে ব্যাংকটি ৬ হাজার ৬৭৩ কোটি টাকা ঋণ দেয়, যার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকাই নিয়ম ভেঙে দেওয়া হয়েছে। ব্যাংকটির গুলশান, শান্তিনগর ও দিলকুশা শাখার মাধ্যমে গুরুতর ঋণ অনিয়ম সরেজমিনে উদ্ঘাটন করে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল। আর্থিক কেলেঙ্কারি, নিয়োগ, পদোন্নতিতে দুর্নীতি নিয়ে বাংলাদেশ ব্যাংক ও সিএজি কার্যালয়ের প্রতিবেদনে ব্যাংকটির সাবেক চেয়ারম্যানের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। অথচ তাঁকে বাদ দিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে ৫৬টি মামলা করে দুদক।