চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চে (সিএসসিআর) জীবিত নবজাতককে মৃত ঘোষণা করার ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। গতকাল রোববার বিকেলে তদন্ত প্রতিবেদনটি ডাকযোগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠান চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।
জানতে চাইলে আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘কমিটি সিলগালা অবস্থায় দুপুরে আমার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আমি বিকেলে ডাকযোগে তা মহাপরিচালক বরাবরে পাঠিয়ে দিয়েছি।’ তদন্ত প্রতিবেদনে সিএসসিআর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের গাফিলতির কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিবেদনে কী আছে, আমি জানি না। কারণ, মহাপরিচালকের নির্দেশে এই কমিটি গঠিত হয়েছিল। তাই প্রতিবেদন দেখার এখতিয়ার আমার নেই।’
গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মো. শাহআলম। কমিটির অপর দুই সদস্য হলেন ডেপুটি সিভিল সার্জন অজয় কুমার দে ও সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী শাহেদুল ইসলাম।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা স্বীকার করে মো. শাহআলম বলেন, ‘প্রতিবেদন জমা দিয়েছি। কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করা আমাদের উচিত হবে না।’
গত সোমবার দিবাগত রাত একটার দিকে সিএসসিআর হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্তচিকিৎসক রিদোয়ানা কাউসার। ২৭ সপ্তাহে জন্ম নেওয়া ওই নবজাতকের ওজন ছিল ৫০০ গ্রাম। তার বাবা নুরুল আজম কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা। জন্মের দুঘণ্টা পর নবজাতকটিকে ‘মৃত’ ঘোষণা করেন সিএসসিআর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। কিন্তু ‘মৃত’ নবজাতকটিকে কেবিনে নেওয়ার পর মা রিদোয়ানা বেগম দেখতে পান সে নড়াচড়া করছে। তখন তিনি তাকে পাঁচলাইশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ভোরে নগরের মেহেদিবাগের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে নবজাতকদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) এক দিন থাকার পর বুধবার বেলা দেড়টার দিকে সে মারা যায়। ‘মৃত’ ঘোষণার সাড়ে ৩৪ ঘণ্টা পর নবজাতকটি মারা যায়।
জানতে চাইলে সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালক জামাল আহমেদ বলেন, ‘আমাদের কমিটি এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়নি। তবে আমরা দুজনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়েছি। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেব।’