তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগে দুই সংবাদকর্মীকে মারধরের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। গতকাল সোমবার তিন সদস্যের কমিটি প্রতিবেদনটি নিবন্ধন বিভাগের মহাপরিচালকের কাছে জমা দিয়েছে।
নিবন্ধন বিভাগের মহাপরিচালক সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। তবে সময়ের অভাবে তা এখনো পড়া হয়নি। প্রতিবেদনটি আজ মঙ্গলবার পর্যালোচনা করে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের কাছে জমা দেওয়া হবে।
১৯ আগস্ট আগারগাঁওয়ে নিবন্ধন বিভাগে পেশাগত দায়িত্ব পালনের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরাপারসন রিপু আহমেদকে সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা মারধর করেন। এ ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠায় নিবন্ধন বিভাগের উপপ্রকল্প পরিচালক আবদুল বারীকে প্রত্যাহার করে নেওয়ার জন্য পরদিন নির্বাচন কমিশন সচিবালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।
ঘটনাটি তদন্তের জন্য ২০ আগস্ট নিবন্ধন বিভাগের পরিচালক সৈয়দ মোহাম্মদ মুসাকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন শহিদ আবদুস সালাম ও মোহাম্মদ আল-মামুন।
তদন্ত কমিটিসংশ্লিষ্ট সূত্র বলেছে, তদন্তে অভিযোগ ওঠা কর্মকর্তাদের মধ্যে নিবন্ধন বিভাগের উপপ্রকল্প পরিচালক আবদুল বারী, পরিচালক মহসীন আলী, প্রকল্পের কর্মকর্তা হোসাইন মো. আশিকুর রহমান, মো. সায়েম, মো. সাহাবুদ্দিন, সাখাওয়াতুল ইসলাম ভূঁইয়া, শরিফুল ইসলাম ও প্রকল্পের গাড়িচালক কামাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।