তদন্ত প্রতিবেদন জমা, পাথর ছোড়ার কারণ অজ্ঞাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে প্রকৌশলী প্রীতি দাশের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। দুষ্কৃতকারীরা অজ্ঞাত কারণে এ ঘটনা ঘটাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত মঙ্গলবার বিভাগীয় রেল ব্যবস্থাপকের দপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির সদস্য রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী পরিবহন কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘অজ্ঞাত দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটাতে পারে। প্রতিবেদনে আমরা এ ধরনের ঘটনা রোধে তিনটি সুপারিশ করেছি। তবে প্রতিবেদনে পাথর ছোড়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি।’
প্রতিবেদনে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা এবং গণমাধ্যমে প্রচারণা চালিয়ে এ ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকতে সচেতনতা সৃষ্টির সুপারিশ করা হয়।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সুকুমার ভৌমিক বলেন, ‘পাথর না ছোড়ার প্রচারণার কাজে আমি গতকাল মঙ্গলবার থেকে চট্টগ্রামের বাইরে। এ কারণে প্রতিবেদন সম্পর্কে আমরা কিছু জানি না।’
১০ আগস্ট চট্টগ্রাম থেকে তূর্ণা নিশীথা ট্রেনে ঢাকায় যাওয়ার পথে চট্টগ্রামের ভাটিয়ারীর ভাঙ্গা সেতু এলাকায় বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে প্রীতি দাশ নামের এক প্রকৌশলী নিহত হন। এ ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে রুবেল ও ইকবাল নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া ঘটনা তদন্তে রেলওয়ের সহকারী যান্ত্রিক প্রকৌশলী ওয়াহিদুল্লাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। অন্য দুই সদস্য হলেন সহকারী পরিবহন কর্মকর্তা আবদুর রাজ্জাক ও সহকারী কমান্ড্যান্ট গোলাম কুদ্দুছ।