তদন্ত প্রতিবেদন তিন মাসেও দেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রণালয় থেকে তদন্ত প্রতিবেদনের সময় বেঁধে দেওয়া হয় সাত দিন। কিন্তু প্রায় তিন মাসেও সেই প্রতিবেদন দাখিল করা হয়নি। এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিশু সদনের সদস্যসচিব আমজাদ হোসেন। প্রকল্প পরিচালক ও রংপুর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশিদ ত্রুটিপূর্ণ ভবন নির্মাণের সত্যতা স্বীকার করেছেন। প্রায় তিন মাস পার হলেও এখনো তদন্ত প্রতিবেদন দাখিল না করার কারণ জানতে চাইলে তিনি আবারও একই কথা বলেন, খুব শিগগির দেওয়া হবে। এর আগে গত ১৪ জুন প্রথম আলোয় ‘হস্তান্তরের আগেই ঠিকাদারের বিল পরিশোধ: শিশু সদনের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রসঙ্গত, রংপুরের কাউনিয়া উপজেলায় শিশু সদনের দুটি পাঁচতলা ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২ মে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখা-২-এর সহকারী প্রধান পল্লব কুমার হাজরা শিশু সদনের প্রকল্প পরিচালক ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে চিঠি দিয়ে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, রংপুরের কাউনিয়ায় এতিম শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্র ছাবেরা খাতুন ইসলামিয়া শিশু সদনের দুটি পাঁচতলা ভবন নির্মাণে দরপত্রের নকশা মানা হয়নি। ভবন দুটির দৈর্ঘ্য ও প্রস্থে নকশা থেকে অনেক কমিয়ে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ভবনের নকশা ও ভবন হস্তান্তরের কাগজপত্র থেকে জানা যায়, নকশা অনুযায়ী পৃথক দুটি পাঁচতলা ডরমিটরি ভবনের দৈর্ঘ্য ১০৫ ফুট পাঁচ ইঞ্চি নির্মাণ হওয়ার কথা থাকলেও নির্মিত হয়েছে ৯৮ ফুট পাঁচ ইঞ্চি। যা নকশা থেকে সাত ফুট কম। প্রস্থ ৫২ ফুট ছয় ইঞ্চি হওয়ার কথা থাকলেও নির্মাণ করা হয়েছে ৪৬ ফুট আট ইঞ্চি। যা নকশা থেকে পাঁচ ফুট ১০ ইঞ্চি কম। অর্থাৎ নকশা অনুযায়ী দুটি পাঁচতলা ভবনে ৪০৮ দশমিক ১০ বর্গফুট কম নির্মাণ করা হয়েছে।