নারায়ণগঞ্জে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ রেলওয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গত বৃহস্পতিবার দাখিল করা হয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার জন্য ট্রাকচালকের দায়িত্বজ্ঞানহীনতা এবং রেললাইনে অবৈধভাবে লেভেল ক্রসিং নির্মাণের জন্য স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে দায়ী করা হয়েছে।তদন্ত কমিটির প্রধান রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (সংকেত) বেনু রঞ্জন সরকার বৃহস্পতিবার রাতে ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন মিয়ার কাছে প্রতিবেদন জমা দেন।প্রতিবেদনে রেললাইনের ওপর নির্মিত অবৈধ সড়কগুলোতে দ্রুত লেভেল ক্রসিং ও প্রতিবন্ধক (ব্যারিকেড) নির্মাণের সুপারিশ করা হয়। অন্যথায় দুর্ঘটনা এড়াতে লেভেল ক্রসিংবিহীন অবৈধ সড়কগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়।তদন্ত কমিটির সদস্য সুভক্ত গীণ জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা-নন্দলালপুর এলাকায় অবৈধভাবে সড়ক নির্মাণ করা হয়েছে। সেখানে কোনো লেভেল ক্রসিং ও প্রতিবন্ধক নেই। রেলওয়ের অনুমতি ছাড়াই এলজিইডির নারায়ণগঞ্জ অফিস অবৈধভাবে সড়কটি নির্মাণ করে। লেভেল ক্রসিং ও প্রতিবন্ধক নির্মাণের জন্য এলজিইডির নারায়ণগঞ্জ কার্যালয়ে বেশ কয়েকবার চিঠি দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে মোট ২৬টি লেভেল ক্রসিং রয়েছে। যার মধ্যে ১২টি অবৈধ। ১২টি অবৈধ লেভেল ক্রসিংয়ের মধ্যে এলজিইডির নারায়ণগঞ্জ কার্যালয়ের অধীনে রয়েছে ছয়টি। এসব অবৈধ লেভেল ক্রসিংগুলোতে কোনো প্রতিবন্ধক নেই। নিরাপত্তার জন্য নেই কোনো গেটম্যানও।গত সোমবার নারায়ণগঞ্জের পাগলার নন্দলালপুর এলাকায় ট্রেনের সঙ্গে কাঠবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হন। দুর্ঘটনার পর ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।