রামুর বৌদ্ধপল্লিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটির প্রতিবেদন পেশের সময়সীমা বাড়ানো হচ্ছে। আজ রোববারও এই প্রতিবেদন দাখিল হচ্ছে না বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান। কয়েকজন আসামি গ্রেপ্তার হওয়ায় ঘটনা সম্পর্কে অনুদ্ঘাটিত নতুন তথ্য বের হচ্ছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত প্রকৃত দোষী কারা, তা আসামিদের জিজ্ঞাসাবাদ করে চিহ্নিত করা সম্ভব হবে বলে তদন্ত কমিটি সূত্রে জানা গেছে। তাই তদন্ত কমিটি আরও সময় চেয়েছে।জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান প্রথম আলোকে বলেন, ‘রামুর ঘটনা অনেক ভয়াবহ। এত বড় ঘটনা তড়িঘড়ি করে তদন্ত করা যায় না। প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হলে আসামিসহ সবার সঙ্গে কথা বলতে হয়। তাই প্রতিবেদন দাখিলের সময়সীমা আরও বাড়ানো হচ্ছে। তবে কত দিন সময় বাড়ানো হবে, সেটা সরকারের কাছ থেকে আমরা জানতে পারিনি।’ আজ রোববার প্রতিবেদন দাখিল হবে—গত বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান নিশ্চিত করেছিলেন, যা শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত হয়।চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল ইসলামের নেতৃত্বে সরকার চার সদস্যের কমিটি গঠন করে। কমিটির অন্য তিনজনের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা এবং অন্যজন কক্সবাজারের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) রয়েছেন। প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধপল্লিতে হামলা ও অগ্নিসংযোগ এবং প্রাচীন বৌদ্ধবিহার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।