সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে গতকাল রোববার আবার নতুন তারিখ ধার্য করেছেন আদালত। আগামী ৯ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। কিন্তু র্যাব তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম নতুন তারিখ ধার্য করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাঁদের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
প্রথমে মামলাটি তদন্ত করে শেরেবাংলা নগর থানার পুলিশ। ঘটনার চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর ন্যস্ত করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হওয়ায় হাইকোর্টের নির্দেশে ওই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।