তদন্ত প্রতিবেদন দাখিলে ফের সময় নিল সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা ও ইমারত আইনের মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আবার সময় নিয়েছে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৩ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।


আজ সোমবার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ থাকলেও তা দেয়নি সিআইডি। তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর আজ তদন্তের জন্য আরও সময় চেয়ে আবেদন করেন। ঢাকার জ্যেষ্ঠ ওয়াসিম শেখ তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।


তদন্ত কর্মকর্তা আজ সময়ের আবেদনে বলেন, মামলাটি স্পর্শকাতর এবং ঘটনার ব্যাপকতা অনেক। রানা প্লাজা ধসে এক হাজার ১৩৪ জন মারা গেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় প্রয়োজন।

গত বছরের ২৪ নভেম্বর পৃথক আদালত তদন্তের বিলম্বের কারণ জানতে চেয়ে তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছিলেন। তিনি লিখিতভাবে জবাব দাখিল করেন।


গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এতে এক হাজার ১৩৪ জন নিহত এবং আহত হয়েছেন প্রায় দুই হাজার। এ ঘটনায় মোট মামলা হয়েছে পাঁচটি। এর মধ্যে তিনটি ভবনধসের ঘটনায়। ভবনের অন্যতম মালিক সোহেল রানার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে অস্ত্ও বিশেষ ক্ষমতা আইনে। হত্যার অভিযোগে একমাত্র মামলাটি করেছেন নিহত একজন শ্রমিকের স্ত্রী।


মামলা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা হেলাল উদ্দিন বাদী হয়ে ১৯৫২ সালের ইমারত নির্মাণ আইনের ১২ ধারায় সাভার মডেল থানায় মামলা করেন। এ মামলায় ভবন নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বাদ দিয়ে শুধু সোহেল রানাকে আসামি করা হয়েছিল।


এরপর সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ বাদী হয়ে ২৫ এপ্রিল আরও একটি মামলা করেন। রানা প্লাজা ধসকে দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করে দণ্ডবিধির ৩৩৭/৩৩৮/৩০৪ (ক)/৪২৭/৩৪ (৯) ধারায় করা ওই মামলায় সোহেল রানা ও তাঁর বাবা আবদুল খালেক, ফ্যান্টম অ্যাপারেলসের চেয়ারম্যান আমিনুল ইসলাম, ফ্যান্টম টেকের এমডি ডেভিড মেয়ের রেকো, ইথার টেকের চেয়ারম্যান আনিসুর রহমান এবং নিউ ওয়েভ বটম ও স্টাইলের চেয়ারম্যান বজলুস সামাদ আদনানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

সিআইডি এ মামলার ভিত্তিতেই বর্তমানে তদন্ত করছে। তদন্তকারীদের সূত্রে জানা গেছে, এ মামলাটির বড় দুর্বলতা হচ্ছে এটি জামিনযোগ্য এবং শাস্তি দুই থেকে ছয় বছরের কারাদণ্ড। কিন্তু তদন্তকারীদের প্রাপ্ত তথ্য হলো—সোহেল রানা ও তাঁর বাবাসহ অন্যরা সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহিন শাহ পারভেজ ধামরাই থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করেছিলেন। এরমধ্যে অস্ত্র আইনের মামলায় সোহেল রানার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

পোশাকশ্রমিক জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলী আক্তার ঢাকা মহানগর মুখ্য বিচারিক হাকিমের আদালতে রানা প্লাজা ধসকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করে ৩০২/৩৪/৫০৬ ধারায় আরেকটি মামলা করেন। এই মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই।