নরসিংদীতে ট্রেন দুর্ঘটনার ৩৬ ঘণ্টা পর গতকাল শুক্রবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথসহ পূর্বাঞ্চলীয় জোনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আন্তনগর ও মেইল ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। তবে ইঞ্জিন সংকটের কারণে গতকাল চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর প্রভাতী ট্রেনের যাত্রা বাতিল করা হয়।এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত রেলওয়ের উচ্চপর্যায়ের কমিটির তদন্ত প্রতিবেদন গতকাল পেশ করার কথা থাকলেও তা তিন দিন পিছিয়ে গেছে। তদন্তের কিছু দিক বিচার-বিশ্লেষণ বাকি থাকায় কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে সময় দেওয়া হয়েছে। রেলওয়ের প্রধান প্রকৌশলী ইউসুফ আলী মৃধা চার সদস্যের এ কমিটির প্রধান। রেলওয়ের অপর কমিটি এবং নরসিংদী জেলা প্রশাসনের কমিটি তদন্তকাজ চালিয়ে যাচ্ছে। এই দুই কমিটির কোনোটি এখনো প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে দুই দিন পার হলেও দুর্ঘটনার প্রকৃত কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।ইউসুফ আলী মৃধা বলেন, ‘আমরা মাঠপর্যায়ের বিচার-বিশ্লেষণ শেষ করেছি। কিন্তু দুর্ঘটনাকবলিত ট্রেন দুটির চালকেরা হাসপাতালে সংজ্ঞাহীন বলে তাঁদের সঙ্গে কথা বলা যায়নি। কথা বলা গেলে তদন্তের গুরুত্বপূর্ণ দিক উঠে আসবে। প্রতিবেদনটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন করতেই সময় বাড়িয়ে নেওয়া হয়েছে।’ তিনি মন্তব্য করেন, সংকেত অমান্য করা প্রাথমিকভাবে দুর্ঘটনার মূল কারণ মনে করা হচ্ছে।নরসিংদীর স্টেশনমাস্টার মরণ চাঁদ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ইঞ্জিন স্বল্পতার কারণে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনটির যাত্রা বাতিল করতে হয়েছে।প্ল্যাটফর্ম প্রাণ ফিরে পেলেও শোক কাটেনি: কাল সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী রেলস্টেশনে স্বাভাবিক অবস্থা দেখা গেছে। আটকে পড়া যাত্রীরা গন্তব্যের উদ্দেশে চলে গেছে। হকারদের উপস্থিতি চোখে পড়লেও গলায় ছিল না উচ্চকণ্ঠ। স্টেশন এলাকা থেকে বিষাদের ছায়া এখনো কাটেনি।হকার বাছেদ মিয়া বলেন, ‘স্টেশনে না আইলে ঘুম আয় না। আর দুর্ঘটনার পর স্টেশনে আইলে কেমন জানি লাগে। হকারি করি ঠিকই, কিন্তু গলা দিয়া সুর আইয়ে না। সুর না বাইর হইলে হকারের পেটে ভাত জুটব না জাইনাও কথা কইতে পারতাছি না।’হাসপাতাল ছাড়ছেন আহতরা: নরসিংদী সদর হাসপাতালের জ্যেষ্ঠ নার্স আনোয়ার হোসেন জানান, এরই মধ্যে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন সদর হাসপাতালে নয়জন ভর্তি আছেন।জেলা হাসপাতালে কথা হয় আহত রহিমা আক্তারের সঙ্গে। তাঁর বাড়ি সাভারের নামাবাজার এলাকায়। দুর্ঘটনার দুই দিন পর তাঁর স্বজনেরা জানতে পেরেছেন, তিনি আহত হয়ে এই হাসপাতালে। দুর্ঘটনার স্মৃতি মনে হলে তিনি আঁতকে ওঠেন। টাঙ্গাইল সদর উপজেলার গোপালপুর গ্রামের আহত যাত্রী মো. আসাদ বলেন, ‘দুর্ঘটনার কথা মনে থাকবে। আবার সাধারণ মানুষের সহযোগিতার কথাও ভুলব না। দুই দিন স্বজনের দেখা না পেলেও সাধারণ মানুষের কাছ থেকে স্বজনের মতো ভালোবাসা পেয়েছি।’ প্রসঙ্গত, গত বুধবার বিকেলে নরসিংদীতে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর গোধূলী ও ঢাকাগামী মেইল ট্রেন চট্টলার মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ অন্তত ১৩ জন নিহত হন। আহত হন কমপক্ষে দেড় শ। তবে জেলা প্রশাসনের মতে, মৃতের সংখ্যা ১০। দুর্ঘটনায় চট্টলার একটি বগি মহানগর ট্রেনের ইঞ্জিনের ওপর উঠে যায়। এতে দুটি ট্রেনের ইঞ্জিন দুমড়েমুচড়ে যায় এবং তিনটি বগি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।