
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আবারও সময়ের আবেদন করেছে র্যাব। গতকাল রোববার এই সময় আবেদন করা হয়। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ দফায় সময়ের আবেদন করা হলো।
গতকাল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার নতুন তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী সময়ের আবেদন করেন। পরে মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ আগামী ১৩ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার এসআই হুমায়ুন কবির মোল্লা জানান, গত ১৬ মার্চ মামলার তদন্তের অগ্রগতি জানতে তদন্ত কর্মকর্তাকে তলব করা হয়। আগের তদন্ত কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে চলে যাওয়ায় ১৮ মার্চ বর্তমান তদন্ত কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। পরে বর্তমান তদন্ত কর্মকর্তা ওয়ারেছ আলী আদালতে হাজির হয়ে জানান, গ্রেপ্তার করা আট আসামি এবং নিহত সাংবাদিক দম্পতির স্বজনদের ডিএনএ আদালতের নির্দেশে পরীক্ষার জন্য আলামত যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।