তদন্ত প্রতিবেদন দুই দিনের মধ্যে প্রকাশ চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে কারসাজির ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন দুই দিনের মধ্যে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।গতকাল সোমবার সকালে বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে রিট আবেদনটি দাখিল করা হয়। আজ এ আবেদনের ওপর শুনানি হতে পারে।জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে পাঁচ আইনজীবী আবেদনটি করেন। এর আগে ১২ এপ্রিল সংগঠনটির পক্ষ থেকে পুঁজিবাজারে কারসাজির তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের বরাবর আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়। এর পরও প্রতিবেদন প্রকাশ না করায় গতকাল রিটটি করা হয়।রিটের অংশবিশেষ: রিটে শেয়ারবাজার বিপর্যয়ের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ, ওই প্রতিবেদনে চিহ্নিত অর্থনৈতিক অপরাধে জড়িত ব্যক্তি বা কোম্পানির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে বলা হয়েছে। এ ছাড়া শেয়ারবাজার বিপর্যয়ের ঘটনায় প্রতিবেদন প্রকাশে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির প্রার্থনা রয়েছে।আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর সচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। উল্লেখ্য, পুঁজিবাজারের অস্থিরতার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি ৮ এপ্রিল সরকারের কাছে প্রতিবেদন দেয়।মামলা খারিজ: শেয়ারবাজারের কেলেঙ্কারি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদের বিরুদ্ধে করা রাষ্ট্র্রদ্রোহিতার মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে লিয়াকত নামের এক আইনজীবী এ মামলা করেন।মহানগর হাকিম জুলফিকার হায়াত মামলাটি খারিজ করে দেন।মামলায় অভিযোগ করা হয়, ইব্রাহিম খালেদ প্রতিবেদন দাখিলের পর উসকানিমূলক বক্তব্য দেন। পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ী ব্যক্তিদের সামরিক আইনে বিচারের কথাও বলেন তিনি। তাঁর এ ধরনের বক্তব্যে সাধারণ নাগরিকেরা ক্ষুব্ধ হয়েছেন। শুনানি শেষে মামলাটি আমলে নেওয়ার উপাদান না থাকায় আদালত তা খারিজ করে দেন।