তদন্ত প্রতিবেদন দেয়নি সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় প্রাণহানি ও ইমারত বিধি আইনের মামলা দুটিতে গতকাল বুধবারও তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালত আগামী ২১ মে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।
গতকাল মামলা দুটিতে তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। সিআইডির তদন্ত কর্মকর্তা বিজয় কৃষ্ণ কর গতকাল প্রতিবেদন দাখিল না করায় ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহীদুল হক নতুন তারিখ ধার্য করেন। এর আগেও কয়েক দফায় তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয় সিআইডি।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন বহুতল ভবন রানা প্লাজা ধসে ১১৩৫ জনের মৃত্যু হয়। অন্তত ২৪৫৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিহত ও আহতদের অধিকাংশই ছিলেন পোশাকশ্রমিক। মামলা দুটিতে সোহেল রানাসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন উচ্চ আদালত থেকে জামিনে আছেন। এ ছাড়া ইমারত আইন না মেনে ভবন নির্মাণ করার অভিযোগে সাভার থানায় রাজউক পৃথক আরেকটি মামলা করে। এ মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলার তদন্ত করছেন সিআইডির কর্মকর্তা বিজয় কৃষ্ণ কর।