
মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবারও অধিকতর তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালত আগামী ১৩ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক এস এম সাইফুল ইসলাম এ তারিখ ধার্য করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এম এ মঞ্জুর হত্যা মামলার বিচারকাজ চলছে। গতকাল এ মামলায় অধিকতর প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলাটি তদন্ত করছেন সিআইডির কর্মকর্তা আবদুল কাহার আকন্দ। কিন্তু গতকাল প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
গত ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের অধিকতর তদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে ২২ এপ্রিল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছিলেন। কিন্তু গত এক বছরে সিআইডি প্রতিবেদন দিতে কয়েক দফায় সময় নিয়েছে।
মেজর জেনারেল মঞ্জুর হত্যার প্রায় ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এ ব্যাপারে মামলা করেন। ওই বছরের ২৭ জুন সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি এইচ এম এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে এ মামলার অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রে বলা হয়, ১৯৮১ সালে তৎকালীন সেনাপ্রধান এরশাদের পরিকল্পনায় ও নির্দেশে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা মেজর জেনারেল এম এ মঞ্জুরকে হত্যা করা হয়। অভিযোগপত্রভুক্ত বাকি আসামিরা হলেন মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ও মেজর (অব.) কাজী এমদাদুল হক।