তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত সাংসদ মোস্তাফিজের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর সরকারদলীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকালে বাঁশখালীর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেন এই মামলার অভিযোগপত্র বা তদন্ত প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত সাংসদের জামিন আবেদন মঞ্জুর করেন।
সাংসদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এই মামলার অন্য দুই আসামিও। তাঁরা হলেন সাংসদের ব্যক্তিগত সহকারী ও বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম এবং ওলামা লীগের স্থানীয় নেতা মাওলানা আখতার।
গত রোববার সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এই মামলায় আগাম জামিন পেতে হাইকোর্টে আবেদন করেন। তাঁর আবেদনটি হাইকোর্টের একটি বেঞ্চ নাকচ করে দেন। একই সঙ্গে তাঁকে ২০ জুনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কেঁসুলি বিকাশ রঞ্জন ধর প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের বিরোধিতা করা হয়। এ মামলার অভিযোগপত্র বা তদন্ত প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত সাংসদসহ তিন আসামিকে জামিন দেন আদালত। তিন আসামির প্রত্যেকের ৫০ হাজার টাকা জামানতে জামিন মঞ্জুর করেন আদালত।
পছন্দমতো নির্বাচনী কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় ১ জুন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে সাংসদ মোস্তাফিজুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে নেন। তখন ইউএনও তাঁর কার্যালয়ে ছিলেন না। পরে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করেন সাংসদ। এ অভিযোগ ওঠার পর ওই দিন বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে সাংসদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বাঁশখালীর সব কটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম ২ জুন রাতে সাংসদ মোস্তাফিজুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। সরকারি কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা সৃষ্টিসহ কয়েকটি অভিযোগে মামলাটি করা হয়।
সাংসদের আইনজীবী ও চট্টগ্রাম জেলা আদালতের সাবেক সরকারি কৌঁসুলি মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘আমরা আদালতে বলেছি, এখন বাজেট অধিবেশন চলছে। অধিবেশনের ১৫ দিন আগে ও ১৫ দিন পরে কোনো এমপিকে গ্রেপ্তারের সুযোগ নেই। এ ছাড়া এই মামলায় কোথায়, কখন এবং কে কোন অপরাধ করেছেন তা স্পষ্ট নয়।’
আবুল হাশেম বলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজের প্রদর্শক। ঘটনার সময় তিনি কলেজে ছিলেন। আর ওলামা লীগের নেতা মাওলানা আকতার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম। ঘটনার সময় তিনি মাদ্রাসায় ছিলেন। এ বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরেছি। আদালত সবকিছু বিবেচনায় এনে এমপি মোস্তাফিজসহ তিনজনকে জামিন দিয়েছেন।’