বরিশাল নগরের আলোচিত মা-মেয়ের হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে জামিনের অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তদন্ত প্রতিবেদন দাখিলে গত পাঁচ বছরে ১১ বার আদালতের নির্দেশ অমান্য করায় গতকাল বুধবার বরিশালের জেলা ও দায়রা জজ এ কে এম সলিমুল্লাহ এ আদেশ দেন।যে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাঁরা হলেন: আলোচিত ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতোয়ালি মডেল থানার তৎকালীন পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক, উপপরিদর্শক গোপাল কৃষ্ণ, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের চিকিৎসক কামরুল ইসলাম সরদার এবং আরেকজন চিকিৎসক (নাম জানা যায়নি)।আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১২ ডিসেম্বর নগরের কালীবাড়ি সড়ক এলাকায় রাজিয়া প্যালেসের নিচতলায় কাজল বেগম এবং তাঁর স্কুলপড়ুয়া মেয়ে সাথী আক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনার পর ১৪ ডিসেম্বর কাজলের স্বামী রেজাউল করিম ওরফে সোহেলকে আসামি করে মামলা করা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেওয়া হয় ওই চারজনকে। তবে ওই হত্যাকাণ্ডের পাঁচ বছর পার হলেও তাঁরা আজও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেননি।আদালত সূত্র আরও জানায়, প্রতিবেদন জমা দিতে আদালতের পক্ষ থেকে ২০১১ সালের ২৫ এপ্রিল, ২০ জুন, ১১ জুলাই, ১১ অক্টোবর, ৩০ নভেম্বর; ২০১২ সালের ৩১ জানুয়ারি, ৪ ও ১৯ মার্চ, ১৭ ও ২৩ এপ্রিল এবং সর্বশেষ ১২ জুন পর্যন্ত মোট ১১ বার সময় দেওয়া হয়। কিন্তু তদন্ত কর্মকর্তারা তা আমলে নেননি। নির্দেশ অমান্য করে তাঁরা আদালতে অনুপস্থিত থাকেন।