বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়াদ ইবনে মোমতাজ হত্যাকাণ্ডের ঘটনায় সম্পূরক তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ নিয়ে টালবাহানা চলছে বলে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ। প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নিতে সিন্ডিকেট সভা চলার সময় আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সায়াদ হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রথম গঠিত তদন্ত কমিটি ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে দোষী সাব্যস্ত করে শাস্তির সুপারিশ করে। প্রতিবেদন জমার পরের দিন ৯ এপ্রিল তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আবাসন বোর্ডের সুপারিশে জরুরি সিন্ডিকেটে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়। সব খুনিকে শাস্তির আওতায় আনা হয়নি বলে আন্দোলনকারীরা অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ এপ্রিল সম্পূরক তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। ১৮ মে সম্পূরক তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
প্রতিবেদন দেওয়ার ১১ দিন পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ সিন্ডিকেটের সভা চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু সিন্ডিকেটের সভায়ও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। টালবাহানা করে প্রশাসন পদক্ষেপ নিতে দেরি করছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
জানতে চাইলে উপাচার্য মো. রফিকুল হক প্রথম আলোকে বলেন, ‘কাউকে শাস্তি দিতে হলে অনেক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই।’