রাঙামাটি সরকারি কলেজে গত ২২ সেপ্টেম্বর পাহাড়ি ও বাঙালি ছাত্রদের মধ্যে সংঘর্ষ এবং এর জের ধরে শহরে ছড়িয়ে পড়া সহিংস ঘটনায় প্রকাশিত তদন্ত প্রতিবেদন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। ওই ঘটনায় ছাত্র-শিক্ষক, সাংবাদিক ও চিকিৎসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছিলেন। গত মঙ্গলবার এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্ট ও দৈনিক মানবকণ্ঠ-এর রাঙামাটি জেলা প্রতিনিধি হিমেল চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন, লিখিত সাক্ষ্য দেওয়ার পরও প্রতিবেদনে তাঁর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরা হয়েছে।সংঘর্ষে জড়িত বলে অভিযুক্ত রাঙামাটি সরকারি কলেজের বিজ্ঞান শাখার দ্বিতীয় বর্ষের পাহাড়ি ছাত্র ইমন চাকমা তদন্ত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বলেন, তাঁর সহপাঠী বাঙালি প্রিয়তোষ বড়ুয়া তদন্ত কমিটির কাছে তাঁকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা মিথ্যা ও বানোয়াট।পাহাড়ি ছাত্র পরিষদের তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিশির চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেদনে পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ কতিপয় ইতিবাচক সুপারিশ করা হলেও সহিংসতার প্রকৃত চিত্র ফুটে ওঠেনি। বাঙালিদের সংগঠন সম-অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী জাহাঙ্গীর কামাল বলেন, ‘প্রতিবেদনের সুপারিশের সঙ্গে আমরা একমত। তবে প্রকৃত অপরাধীদের আড়াল করে হামলাকারী হিসেবে অনেক নিরীহ ব্যক্তির নাম প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।’ তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহামঞ্চদ মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা অধিকতর তদন্তের জন্য সুপারিশ করেছি।’