ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত ৭ ও ৮ অক্টোবর প্রক্টরের বাসার সামনে ও ক্যাম্পাসে ভাঙচুর, শিক্ষক ও ছাত্রলীগের নেতা-কর্মীদের পরস্পর মারধরের ঘটনা তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন পেশ করেছে।প্রতিবেদনে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১২ জন নেতা-কর্মীকে প্রক্টরের অফিস থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কমিটি ছাত্রলীগের কর্মীদের মারধর করাসহ উদ্ভূত ঘটনার চূড়ান্ত পরিণতি সংঘটিত হতে নয়জন শিক্ষকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।তদন্ত কমিটির সভাপতি সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক মো. শামছুদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, গত বুধবার ইফতারের পর উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ৫২ পৃষ্ঠার মূল প্রতিবেদন, আনুষঙ্গিক কাগজপত্রসহ মোট ১৭৩ পৃষ্ঠার প্রতিবেদন দেওয়া হয়েছে।এ ব্যাপারে তদন্ত কমিটির সদস্যসচিব অ্যাকুয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা ঘটনার প্রত্যক্ষদর্শী এবং বিভিন্নভাবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৫০ জনের সাক্ষ্য গ্রহণ সাপেক্ষে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে একটি তদন্ত প্রতিবেদন তৈরি করেছি। এর মধ্যে ২১ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ২৯ জন সাক্ষী।’অভিযুক্ত কারা এবং কী শাস্তির সুপারিশ করা হয়েছে—তদন্ত কমিটির তিনজন সদস্যের কাছে জানতে চাইলে কেউ-ই তা বলতে রাজি হননি। সবাই বলেন, ‘তাঁরা কেবল ঘটনা তদন্ত করে সুপারিশ করেছেন, এখন আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হবে। পরে বোর্ড অব রেসিডেন্সে যাবে এবং চূড়ান্তভভাবে সিন্ডিকেটের মাধ্যমে তা কার্যকর হবে। কাজেই আগেই কিছু বলা যাবে না।’ছাত্রলীগের বাকৃবি শাখার সভাপতি শামসুদ্দিন আল আজাদ প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ওই ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীকে গত বহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন প্রক্টর। ছাত্রলীগের নোটিশপ্রাপ্ত নেতা-কর্মীরা হলেন: বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের মো. শাহাবুদ্দিন শিহাব ও শাকিল মজুমদার; ফজুলল হক হলের আহসান হাবিব, হুমায়ুন কবির ও সাজ্জাদ হোসেন; বঙ্গবন্ধু শেখ মুজিব হলের আনোয়ার পারভেজ রিপন, পারভেজ কবির, সুমন কুমার মোহান্ত, সুমন পারভেজ ও আরিফুল ইসলাম; শহীদ নাজমুল আহসান হলের শাহীন মাহমুদ এবং শহীদ শামছুল হক হলের আসাদুজ্জামান খোকন। নোটিশপ্রাপ্তদের আগামী সাত কর্মদিবস তথা ৭ সেপ্টেম্বরের মধ্যে আত্মপক্ষ সমর্থনের জন্য বলা হয়েছে।’ছাত্রলীগের নেতা-কর্মীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও অভিযুক্ত শিক্ষকদের এখনো কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়নি বলে জানা গেছে। তবে এই অভিযুক্ত নয়জন শিক্ষকের নাম-পরিচয় জানা যায়নি। ছাত্রলীগের বাকৃবি শাখার সভাপতি শামসুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন প্রথম আলোকে বলেন, ‘যেহেতু অভিযুক্ত ২১ জনের মধ্যে ১২ জন ছাত্র, সেহেতু বাকিরা শিক্ষকই হবেন বলে ধরে নেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মী ও শিক্ষকেরা উভয়েই ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। কিন্তু তদন্ত কমিটিতে কেবল শিক্ষকদের রাখা হয়েছে। শুধু ছাত্রলীগের নেতা-কর্মীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়য়া হলেও শিক্ষকদের ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ধরনের বৈরী আচরণ আমাদের কাম্য নয়।’এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবু হাদী নূর আলী খান বলেন, ‘ঘটনাটি খুবই স্পর্শকাতর। ব্যাপারটি গোপন রাখতে ওপরের মহল থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কাজেই কোনো কথা বলা যাবে না।’