তদন্ত প্রতিবেদন পেশ দায়িত্বে অবহেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার দিন দ্বিতীয় পত্রের প্রশ্ন নেওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি ও পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার মিস্ত্রির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছে তদন্ত কমিটি। গত বৃহস্পতিবার জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে কমিটি এ অভিযোগ করেছে।যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার সাহার নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়।প্রতিবেদনে বলা হয়েছে, রণজিৎ কুমার মিস্ত্রি ওই দিন ঠিকমতো দায়িত্ব পালন করেননি। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পল্লীমঙ্গল কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, পরীক্ষা কমিটির সদস্য এস এম হাবিবুর রহমানসহ ওই কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্ব পালনের পূর্বাভিজ্ঞতা নেই। তাঁদের অনভিজ্ঞতাও এ অনাকাঙ্ক্ষিত ঘটনার একটি কারণ। এ ছাড়া তাঁরা দায়িত্বে উদাসীনতারও পরিচয় দিয়েছেন। এ জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। নতুন পরীক্ষাকেন্দ্র দেওয়ার ক্ষেত্রে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল বাশার মোল্লা জানান, সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ১০ এপ্রিল সিংগাড়ি আবদুল ওহাব মডেল কলেজ পরীক্ষাকেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন নেওয়া হয়। পরীক্ষা শুরুর আগে বিষয়টি নজরে এলে তড়িঘড়ি করে প্রথম পত্রের প্রশ্ন আনা হয়।