স্থানীয় সাংসদের উপস্থিতিতে নারায়ণগঞ্জের একটি স্কুলের প্রধান শিক্ষককে কানে ধরে ওঠবস করানোর ঘটনাকে কলঙ্কজনক বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, এ বিষয়ে তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার সচিবালয়ে শিক্ষানীতি বাস্তবায়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ব্যবস্থা নেওয়ার জন্য কিছু নিয়ম-নীতি অনুসরণ করতে হয়। না হয় সে ব্যবস্থা টিকিয়ে রাখা যাবে না। আমরা তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছি।
একই সভায় অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ওই শিক্ষককে হেয় করার পর আবার সাময়িক বরখাস্ত করা আরও অপরাধ। একজন শিক্ষককে এভাবে অপমান করা অচিন্তনীয়। তিনি তদন্তের ভিত্তিতে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।