তদন্ত প্রতিবেদন পেয়ে সিদ্ধান্ত নেবে স্থায়ী কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সরকারের সময়ে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এখতিয়ার-বহির্ভূতভাবে সরকারের যে জমি ইজারা দিয়েছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় থাকবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি৷ গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়৷
বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, মহাজোট সরকারের আগের মেয়াদে তখনকার বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সরকারি জমি ইজারা দিয়েছেন৷ এ নিয়ে কমিটির সদস্যদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন৷ এ বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে৷ একই সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি তদন্ত কমিটি হয়েছে৷ সে জন্য আপাতত সংসদ থেকে কোনো কমিটি হচ্ছে না৷ প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিবেদন পাওয়া গেলে প্রয়োজনে নতুন কমিটির সুপারিশ করা হবে৷
সাবের হোসেন বলেন, কমিটি দুর্নীতিকে প্রশ্রয় দেবে না৷ কিন্তু একজন নাগরিক যদি মন্ত্রণালয়ের কাছে দুর্নীতির অভিযোগ করতে চান, তাঁর প্রক্রিয়া কী? মন্ত্রণালয় বলেছে, এ বিষয়ে একজন উপসচিব দায়িত্বে আছেন৷ কমিটি অভিযোগ করার এই শাখাকে সক্রিয় করতে বলেছে৷
২০১৩ সালে বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্ব ছাড়ার চার দিন আগে আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকার মতিঝিলের নিশাত জুট মিলের ১১ কাঠা ১৩ ছটাক জমি ৯৯ বছরের জন্য চট্টগ্রাম সমিতিকে ইজারা দিয়ে গেছেন৷ মন্ত্রণালয় এখন বলছে, এটি ছিল মন্ত্রীর এখতিয়ারবহির্ভূত কাজ৷
কমিটির সভাপতি আরও বলেন, দেশের পোশাক খাতকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ রপ্তানি আয়ের মানদণ্ডে এটিই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়৷ পোশাক খাত অন্তর্ভুক্ত হওয়ায় এই মন্ত্রণালয়ের পরিধি কেমন হবে, সে বিষয়ে কমিটিকে জানাতে বলা হয়েছে৷ একই সঙ্গে পাটজাত পণ্যের চাহিদা বাড়াতে পলিথিন ব্যাগ তৈরির কাঁচামালের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করার সুপারিশ করা হয়েছে৷ তাতে পলিথিন ব্যাগের দাম বাড়বে এবং মানুষ পাটের তৈরি ব্যাগ ব্যবহারে অভ্যস্ত হবে৷
সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, একরামুল করিম চৌধুরী, ফাহ্মী গোলন্দাজ, এনামুর রহমান, কুজেন্দ্রলাল ত্রিপুরা ও সাবিনা আক্তার অংশ নেন৷