তদন্ত প্রতিবেদন প্রকাশ ও জড়িতদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবে ১৯৯২ সালে পুলিশি হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ ও জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন সাংবাদিক নেতারা৷ একই সঙ্গে গত ২২ বছরেও এ ঘটনার বিচার না হওয়ায় তাঁরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷
জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে এ দাবি জানান৷
১৯৯২ সালের ২১ জুন তোপখানা রোড ও জাতীয় প্রেসক্লাবে পুলিশের হামলায় আহত হয়েছিলেন দায়িত্বরত বেশ কয়েকজন সাংবাদিক৷ ওই ঘটনায় দোষীদের খঁুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিল সাংবাদিক সমাজ। ওই দাবির পরিপ্রেক্ষিতে সরকার একটি তদন্ত কমিটি করতে বাধ্য হয়। কিন্তু আজ পর্যন্ত ওই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়নি৷
আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ২১ জুনের ঘটনায় দোষীদের শাস্তি দাবি করে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে দেশে আর কোথাও যাতে গণমাধ্যমকর্মীরা নির্যাতিত না হন, সে বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ওই দিনের ঘটনায় আহত সাংবাদিক নেতা শফিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ওই দিন পুলিশ পল্টন মোড় থেকে প্রেসক্লাব পর্যন্ত পুরো রাস্তায় বেছে বেছে সাংবাদিকদের পিটিয়েছে। ভয়ে সাংবাদিকেরা প্রেসক্লাবে আশ্রয় নিয়েও রক্ষা পাননি। পুলিশ প্রেসক্লাবের বিদ্যুৎ ও পানির সংযোগ কেটে দেয়। কয়েক শ রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ওই হামলায় গুরুতর আহত অনেক সাংবাদিককে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, রাজনৈতিক স্বার্থে নয়, পেশাদারির স্বার্থে সাংবাদিকদের একসঙ্গে কাজ করা উচিত। তবেই সাংবাদিকদের ওপর হাত তোলার সাহস কোনো সরকারের হবে না।
বিএফইউজের একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, অতীতে বিচার না হওয়ায় সাংবাদিক নির্যাতন ক্রমেই বাড়ছে। এমনকি অনেক সাংবাদিক পত্রিকার মালিকের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের সহকর্মীদের চাকরিচ্যুত করছেন।
ডিইউজের একাংশের সভাপতি আলতাফ মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদের সঞ্চালনায় সভায় জে৵ষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন৷