হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহরণ ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ ও দোষীদের শাস্তির দাবিতে রাঙামাটিতে পৃথক তিনটি সমাবেশ হয়েছে। শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তন, সদর উপজেলার বড় মহাপুরম উচ্চবিদ্যালয় এবং বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়ায় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এসব সমাবেশের মধ্য দিয়ে কল্পনা চাকমা অপহরণের ১৬তম বার্ষিকী পালিত হয়।শিল্পকলা একাডেমী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক শান্তিবাহিনীর গেরিলা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবীলতা চাকমা। তিনি অভিযোগ করেন, কল্পনা চাকমা অপহরণের ঘটনার সুষ্ঠু বিচার হয়নি। তাই পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনী ও বহিরাগত বাঙালিদের হাতে নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। জড়িতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেন জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, এম এন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন জেলা শাখার সভাপতি জোনাকি চাকমা প্রমুখ। এদিকে কুতুকছড়ি ইউনিয়নের বড় মহাপুরম উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে হিল উইমেন্স ফেডারেশন আয়োজিত সমাবেশে কল্পনা চাকমার বড়ভাই কালীচরণ চাকমা অভিযোগ করেন, একজন সেনা কর্মকর্তার নেতৃত্বে তাঁর বোনকে অপহরণ করা হয়। ওই ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটি ছিল লোকদেখানো। তা না হলে ১৬ বছরেও তদন্ত প্রতিবেদন কেন প্রকাশ করা হলো না? হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন ইউপিডিএফ প্রতিনিধি ক্যহলাচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যচিং মারমা, ঘিলাছড়ি নারী সমাজের প্রতিনিধি শান্তি প্রভা চাকমা প্রমুখ। এ ছাড়া বাঘাইছড়ির বাবুপাড়া কমিউনিটি সেন্টারে পাহাড়ি ছাত্র পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নারীনেত্রী শ্যাপালী চাকমা। প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, জনসংহতি সমিতির বাঘাইছড়ি শাখার সভাপতি রাজেন্দ্র লাল চাকমা, যুব সমিতির সভাপতি জ্যোসি চাকমা প্রমুখ।১৯৯৬ সালের ১২ জুন রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল জলিলের নেতৃত্বে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি গত ১৫ বছরেও কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।