তদন্ত প্রতিবেদন প্রকাশ চায় সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনো কেন প্রকাশ হয়নি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।


আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনার সময় কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, একটি তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। তা হলে প্রতিবেদনে কী আছে, তা কেন এখনো জানানো হচ্ছে না। এটা কমিটির কাছে দিতে বলা হয়েছে। তিনি বলেন, কমিটির সব সদস্য মনে করেন, ৮০ মিলিয়ন ডলার যেটা গেছে, সেটা তো গেছে। কিন্তু দেশের ভাবমূর্তিটা বড় বিষয়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করাটা জরুরি। কারা দায়ী, সেটা বের করতে পারলে অন্যান্য দেশও এ বিষয়ে সজাগ হতে পারবে।

গত ফেব্রুয়ারিতে রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে সরিয়ে নেওয়া হয়। একে বিশ্বের অন্যতম বড় সাইবার চুরির ঘটনা বলা হচ্ছে।

ঘটনা তদন্তে পরে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ–সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান।

এদিকে চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করার পদক্ষেপ হিসেবে ফিলিপাইন যাওয়ার প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি।