তদন্ত প্রতিবেদন প্রকাশ না করেই প্রকল্পের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লালমনিরহাট কার্যালয়ের অধীন তিস্তা নদীর বাম তীর রক্ষা প্রকল্পের ৬৫ কোটি টাকার দরপত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত হয়েছে। কয়েকজন ঠিকাদারের কাছ থেকে অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশনও (দুদক) তদন্ত করছে।এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন গত ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছেন। এত কিছুর পরও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলাকে তিস্তা নদীর ভাঙনের হাত থেকে রক্ষা করতে তিস্তা নদীর বাঁ তীরে বাঁধ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এ প্রকল্পের আওতায় গত বছর ৬ অক্টোবর ২০টি গ্রুপে প্রায় ৬৫ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। গত ২১ ডিসেম্বর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার তাঁর পছন্দের বিএনপি-জামায়াত জোটের ঠিকাদারদের কাজ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ১০ জানুয়ারি ঠিকাদারদের কার্যাদেশ দেয়। কিন্তু অভিযোগ পাওয়ার কারণে প্রায় দুই মাস কাজ স্থগিত থাকে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে ঠিকাদারেরা ১৪ মার্চ থেকে কাজ শুরু করে।অভিযোগ পাওয়ার পর পাউবোর মহাপরিচালকের নির্দেশে ঢাকা প্রধান কার্যালয়ের কন্ট্রাক্ট অ্যান্ড প্রকিউরমেন্ট সেলের পরিচালক তোফাজ্জল আলী এবং ঢাকার ডিজাইন সার্কেল-১-এর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ ২৪ জানুয়ারি লালমনিরহাটে এসে তদন্ত করেন।পানিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আশরাফ উদ্দিন গত ৪ মার্চ রংপুরের প্রধান প্রকৌশলী এবং পওর-২ উপসচিবকে এক জরুরি পত্রে লালমনিরহাটে তিস্তা নদীর বাঁ তীরে বাঁধ নির্মাণকাজের দরপত্রে অনিয়মের বিষয়ে প্রতিবেদন পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। এই পত্রটির অনুলিপি পাউবোর মহাপরিচালককেও দেওয়া হয়েছে। পাউবোর মহাপরিচালক হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।পাউবো লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মতিন সরকারের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু ফোনটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।