তদন্ত প্রতিবেদন ১ নভেম্বর দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলাটির তদন্তকারী ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এই আদেশ দেন।

২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় ব্লগার নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই এ হত্যার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখার নামে বিবৃতি দেওয়া হয়।

এ হত্যার ঘটনায় ওই দিন নিহত নীলাদ্রির স্ত্রী খিলগাঁও থানায় মামলা করেন। এ হত্যাকাণ্ডের পর নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।