রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদের সময় ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় করা মামলায় আগামী ২৪ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম গোলাম নবী নতুন তারিখ ধার্য করেন।
গত বছরের ২৭ অক্টোবর গুলিস্তান এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক আবদুল মান্নান ওই দুজনসহ ৫০-৬০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করেন।
জামিনে থাকা সাব্বির হোসেন ও আশিকুর রহমান গতকাল আদালতে হাজির ছিলেন।