তদন্ত প্রতিবেদন ৩ মার্চের মধ্যে দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে সহিংস হামলায় ৪২ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আগামী ৩ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। রাজধানীর গুলশান থানার পুলিশ গতকাল তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন ৩ মার্চের মধ্যে তা দাখিলের আদেশ দেন।
ওই চারজন হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজ উদ্দীন আহমদ।
২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন তাঁর গুলশান কার্যালয়ে সারা দেশে টানা অবরোধ কর্মসূচির ঘোষণা দেন এবং পরে দফায় দফায় হরতাল আহ্বান করেন। ওই কর্মসূচি ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ৪২ জন নিহত হন এবং গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সরকারের কোটি কোটি টাকার ক্ষতি করা হয়।
এসব ঘটনায় গত বছরের ২ ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী আদালতে এ মামলা করেন। আদালত গুলশান থানার ওসি ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।