তদন্ত প্রতিবেদনেও 'আত্মহত্যা'র কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থী ও মালদ্বীপের মডেলকন্যা রাউধা আথিফের মৃত্যুকে ‘আত্মহত্যার’ ঘটনা বলে উল্লেখ করেছে কলেজের তদন্ত কমিটি। গতকাল মঙ্গলবার দাখিল করা কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়। তবে তা প্রত্যাখ্যান করেছেন রাউধার বাবা।

এর আগে রাউধার মৃত্যুর ঘটনায় গত ৩১ মার্চ গঠিত তিন সদস্যের মেডিকেল বোর্ড যে ময়নাতদন্ত প্রতিবেদন দেয়, তাতে রাউধা আত্মহত্যা করেন বলে উল্লেখ করা হয়। তবে রাউধার পরিবার এটি হত্যাকাণ্ড বলে দাবি করছে। কলেজের ছাত্রী হোস্টেল থেকে গত ২৯ মার্চ রাউধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাউধার মৃত্যুর পর কলেজ কর্তৃপক্ষের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি গতকাল কলেজের অধ্যক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত কমিটির প্রধান কলেজের উপাধ্যক্ষ আবদুল মুকিত সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা হোস্টেলের শিক্ষার্থী, কর্মচারীসহ সবার সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেছি। সবার লিখিত জবানবন্দি নিয়েছি। আমরা পাঁচজন অধ্যাপক সেই তথ্য পর্যালোচনা করেছি। তাতে আমরা পেয়েছি এটা একটি আত্মহত্যার ঘটনা।’ আত্মহত্যার কারণ জানা গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আত্মহত্যার কারণ আমরা বলতে পারব না। তবে তাঁর ব্যবহৃত মোবাইলটি আনলক করা গেলে হয়তো কিছু পাওয়া যেতে পারে।’ তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে রাউধার বাবা মোহাম্মদ আথিফ বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করছি। কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ এটাকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করছে।’

গত সোমবার রাউধার এক সহপাঠীকে অভিযুক্ত করে রাউধার বাবা আদালতে মামলা করেন।