খুলনা-৩ আসনের সাবেক সাংসদ আবদুল গফফার বিশ্বাসের পুত্রবধূ সারাহ্ ফারগুশান তন্বীকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নিহত নারীর পরিবারের সদস্যরা।
গতকাল সোমবার দুপুরে মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নগরের পিকচার প্যালেস মোড়ে জনউদ্যোগ ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ওই অভিযোগ করা হয়।
৭ এপ্রিল রাত নয়টায় খুলনা নগরের নূরনগর এলাকার গফফার বিশ্বাসের বাড়ি থেকে সারাহ্ ফারগুশান তন্বীর (২৩) লাশ উদ্ধার করা হয়। তন্বী গফফার বিশ্বাসের ছোট ছেলে সোহেল বিশ্বাসের তৃতীয় স্ত্রী। শ্বশুরবাড়ির পক্ষ থেকে তন্বী আত্মহত্যা করেছেন বলা হলেও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, নির্যাতনের মাধ্যমে তন্বীকে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহত গৃহবধূর মাথা ও ঘাড়ে, বুকের বাঁ পাশে এবং কোমরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় থানা মামলা নিতে না চাইলে ১২ এপ্রিল খুলনার মহানগর হাকিম ইব্রাহিম খলিলের আদালতে মামলা করেন তন্বীর মা সামিমা আখতার। তন্বীর স্বামী সোহেল বিশ্বাস ও বোন ইতি বিশ্বাস ওই মামলার আসামি।
গতকালের মানববন্ধনে তন্বীর মা সামিমা আখতার, ফুপু জেসমিন জামান ও মামা আসাদুজ্জামান ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। সামিমা আখতার অভিযোগ করেন, বিশ্বাস পরিবার প্রভাবশালী হওয়ায় একটি পরিষ্কার হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
তন্বীর মামা আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার ১২ দিন পরও ময়নাতদন্ত প্রতিবেদন আমরা হাতে পাইনি। থানায় গেলে আজ দেব কাল দেব করে আমাদের ঘোরানো হচ্ছে।’ এ ছাড়া এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার না করার ক্ষেত্রে প্রভাবশালী বিশ্বাস পরিবারের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে মামলা তুলে নেওয়ার জন্য তাঁকেসহ তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো অব্যাহত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এ জন্য নগরের লবণচোরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে তিনি জানান।