সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে অগ্রগতি বিষয়ে গতকাল সোমবার হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করেন র্যাবের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জাফর উল্লাহ।
এদিকে মামলার তিন আসামির জামিন আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন আদালত। পরে ওই তিনজনের আইনজীবী এস এম মাসুদ হোসেন প্রথম আলোকে বলেন, আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। শুনানিকালে তদন্ত কর্মকর্তা আশা করেন, ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে পারবেন। আদালত বলেছেন, বিষয়টি তদন্তাধীন ও গুরুত্বপূর্ণ বলে এই অগ্রগতি প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হবে না।
সাগর-রুনি হত্যার ঘটনায় ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের। মামলায় বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসানকে ২০১২ সালের ১০ অক্টোবর গ্রেপ্তার দেখানো হয়। এই তিনজন গত বছরের সেপ্টেম্বরে হাইকোর্টে জামিনের আবেদন করেন। মহাখালীতে চিকিৎসক নারায়ণ চন্দ্র হত্যার ঘটনায় এ তিনজনসহ কয়েকজনকে ২০১২ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়েছিল।
বকুল, রফিকুল ও কামরুলের জামিনের আবেদন শুনানিকালে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে তদন্ত কর্মকর্তাকে ৫ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দেন। ইতিমধ্যে ওই দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।
এ অবস্থায় ৪ মার্চ জামিন আবেদনকারীদের আইনজীবী বিষয়টি উত্থাপনের অনুমতি চেয়ে হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চে আবেদন জানান। পরদিন শুনানির এখতিয়ার না থাকায় ওই বেঞ্চ যথাযথ বেঞ্চে বিষয়টি উপস্থাপন করতে বলেন।
পরে বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে জামিন আবেদন উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী। গতকাল শুনানি হয়।