তদন্ত ভিন্ন খাতে, সাত বছরেও মামলার কিনারা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর আগে বগুড়ায় ট্রাকভর্তি গুলি ও বিস্ফোরক আটকের রহস্য আজও উন্মোচিত হয়নি। উচ্চ আদালতের একটি স্থগিতাদেশের কারণে চার বছর ধরে ঝুলে আছে এ সংক্রান্ত মামলাগুলো। জানতে চাইলে বগুড়ার সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মতিন বলেন, ‘মামলার এখনকার অবস্থা সম্পর্কে নথি না দেখে বলা যাবে না। কিন্তু নথিগুলো রয়েছে হাইকোর্টে। শুধু এটুকুই আমরা জানি যে, আদালতের স্থগিতাদেশ আছে।’ জানা গেছে, এক আসামির দায়ের করা বিবিধ মোকদ্দমার (মিসকেস) পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ২০০৫ সালের ২৩ ফেব্রুয়ারি মামলাগুলোর কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। বিএনপি-জামায়াত জোট সরকার, এরপর তত্ত্বাবধায়ক সরকার এমনকি বর্তমান সরকারের দেড় বছর পার হলেও হাইকোর্টের বিবিধ মোকদ্দমার পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষে উদ্যোগ নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসব মামলার তদন্তও ভিন্ন খাতে নেওয়া হয়। এসব গুলি-বিস্ফোরকের চালান কাদের, এর উৎস ও গন্তব্য কোথায় ছিল, তা না খুঁজে তখনকার বিরোধী দল আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে তড়িঘড়ি করে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৩ সালের ২৭ জুন কাহালু উপজেলার যোগারপাড়া গ্রামে একটি ইটভাটা থেকে ট্রাকভর্তি প্রায় এক লাখ চায়নিজ রাইফেলের গুলি ও ১৭৪ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক আটক করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে চারটি মামলা হয়। ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর মামলা চারটির অভিযোগপত্র দেওয়া হয়। চারটি অভিযোগপত্রেরই উপসংহারে বলা হয়েছে, ‘আসামিরা আওয়ামী লীগ নেতাদের নির্দেশে সরকারের পতনের লক্ষ্যে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটানোর জন্য বেআইনিভাবে গুলি-বিস্ফোরকগুলো আমদানি করে আনে।’ মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান। বিতর্কিত এই কর্মকর্তা এখন অবসরপ্রাপ্ত। তিনি গত বছর মার্চে প্রথম আলোকে বলেছিলেন, আসামি আফলাকুর রহমান ওরফে পিন্টু কৃষক লীগের ইউনিয়ন শাখার নেতা, জালাল ও আতিকুর রহমান যুবলীগ করতেন। তাই এ গুলি-বিস্ফোরকের চালান আওয়ামী লীগ এনেছে বলে অভিযোগপত্রে মন্তব্য করা হয়েছে।চারটি মামলায়ই ছয়জনকে আসামি করা হয়। তাঁরা হলেন কাহালু থানার যোগারপাড়ার পিন্টু ও তাঁর স্ত্রী আনোয়ারা খানম, বগুড়ার মালতিনগরের জালাল, ট্রাকচালক আলতু মিয়া, ঠিকাদার আতিকুর রহমান ও আশীষ দেব বর্মা। এর মধ্যে আনোয়ারা, জালাল ও আতিকুর রহমান জামিনে মুক্ত আছেন। আশীষ ও পিন্টু পলাতক। আলতু মিয়া কারাগারে আছেন। বগুড়া জজ আদালতের আইনজীবী আবদুল লতিফ পশারীর মতে, হতদরিদ্র এসব আসামির কেউ বড় জোর সাধারণ চোরাচালানি পণ্য মনে করে ট্রাকে তোলা বা নামানোর কাজে যুক্ত হয়েছে। মূল হোতাদের শনাক্ত করতে পুনর্তদন্ত এবং আগের তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।