তদন্ত লোক দেখানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরে অপহরণ: ২৬৮ জন, লাশ উদ্ধার: ৪৩ জনের, মুক্তি পেয়েছে: ২৪ জন, খোঁজ মেলেনি: ১৮৭ জনের, পুলিশে সোপর্দ: ১৪ জন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে যেসব অপহরণ, গুম ও গুপ্তহত্যার ঘটনা ঘটছে, সেগুলোর কোনো সুরাহা হয় না। জানতে চাইলে বলা হয়, তদন্ত চলছে। তবে কয়েকটি ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে তদন্ত শেষ করা হয়েছে। স্বজনেরা বলছেন, এগুলো লোক দেখানো তদন্ত।
২০১১ ও ২০১২ সাল থেকে এ বিষয়গুলো গণমাধ্যমে আলোচিত হতে থাকলে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়, তদন্ত চলছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘তদন্তেই পুরো বিষয়টি বের হয়ে আসবে। অপেক্ষা করেন।’ বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল বলেছেন, অপহরণের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। এদের উদ্ধারে সরকার চেষ্টা চালাচ্ছে।
বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত মোট ২৬৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৩ জনের লাশ উদ্ধার ও ২৪ জনকে ছেড়ে দেওয়া হয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয় ১৪ জনকে। কিন্তু ১৮৭ জনের কোনো খোঁজই মেলেনি। নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে বেশির ভাগ ক্ষেত্রেই একটি মাত্র সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তবে লাশ পেলে হত্যা মামলা হয়। এ হত্যা মামলাগুলোর অনেকগুলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তদন্তাধীন।
জানতে চাইলে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, শুধু মুক্তিপণের জন্য অপহরণের মামলাই সিআইডি তদন্ত করে থাকে, অন্যগুলো করে না। সিআইডির হাতে কয়েকটি মাত্র অপহরণের মামলা রয়েছে। সেগুলো খুব বেশি পুরোনো নয়। দুই বছরের বেশি পুরোনো অপহরণের মামলা সিআইডির হাতে নেই। যেসব মামলা জটিল ও দীর্ঘ তদন্তের প্রয়োজন, সেগুলোই সিআইডিকে দেওয়া হয়। এসব মামলার তদন্ত সময়সাপেক্ষ। তদন্তের নামে কালক্ষেপণের অভিযোগ ঠিক নয়।
২০১১ সালের ৩১ জুলাই গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেওয়া সশস্ত্র ব্যক্তিরা দয়াগঞ্জ বাজার এলাকা থেকে ধরে নিয়ে যায় জুয়েল সরদার, রাজীব সরদার ও মিজানুর হোসেন নামের তিন তরুণকে। এর পাঁচ দিন পর ঢাকা বাইপাসের পাশে গাজীপুরের পুবাইলে পাওয়া যায় জুয়েল আর মিজানের লাশ। রাজীবের লাশ মেলে ঢাকা-মাওয়া সড়কের পাশে সিরাজদিখানের নিমতলীতে। জুয়েল আর মিজানের লাশ উদ্ধারের ঘটনায় জয়দেবপুর সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করে পুলিশ। সেই মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি, চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।
মামলাটির তদন্ত কর্মকর্তা পুবাইল পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ উপপরিদর্শক আবদুল করিম বলেন, তদন্তে জানা গেছে, লাশ পাওয়ার কয়েক দিন আগে দয়াগঞ্জ বাজার মোড় থেকে সাদা পোশাকধারী কয়েকজন লোক ওঁদের ধরে নিয়ে যায়। কারা, কেন তাঁদের ধরে নিয়ে গেছে—এ প্রশ্নের জবাব মেলেনি। তবে তিনজনই ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে অনুসন্ধানে জানা গেছে।
জুয়েলের বাবা সালাম সরদার গতকাল বলেন, চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
একই বছরের ২৮ নভেম্বর রাতে রাজধানীর হাতিরপুল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সূর্য সেন হল ছাত্রদলের সাহিত্য ও গবেষণা সম্পাদক শামীম হাসান সোহেল, ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন ওরফে আল আমিন ও মাসুম হোসেন নামে তিনজনকে ধরে নিয়ে যায়। এরপর ৮ ডিসেম্বর মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে পুলিশ দুটি গলিত লাশ উদ্ধার করে। এর একটি ইসমাইলের বলে তাঁর স্বজনেরা বাসায় নিয়ে যান। অন্য দুজনের খোঁজ মেলেনি।
ইসমাইলের মা শিরীন আক্তার বলেন, ‘কত আগড়ুম-বাগড়ুম হুনলাম। কিন্তু কোনো আসামি তো ধরা পড়ল না।’
ওই বছরেরই ২ জুলাই তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে রাখা দুটি পিকআপের মাঝে পাওয়া যায় মিজানুর রহমান ও আলী আকবর নামের দুই যুবকের লাশ। মিজানুরের হাতের কবজিতে ছোলা জখম ছিল। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, এটা হাতকড়ার দাগ। মিজানুরের ভাই তাজুল ইসলাম গতকাল বলেন, ‘মামলাটি সিআইডি তদন্ত করছে বলে শুনছি। কিন্তু দুদিন সিআইডিতে ঘুরেও জানতে পারিনি, কে তদন্ত করছেন, তদন্তের কী অবস্থা।’
একই বছরের ২৬ অক্টোবর নয়াপল্টন থেকে নিখোঁজ ফেনীর যুবলীগ নেতা সারোয়ার জাহান বাবুলের ভাই ও মামলার বাদী আবদুর রহিম বলেন, মামলাটি সিআইডি তদন্ত করছে। কিন্তু কোনো অগ্রগতি হয়েছে বলে শোনা যায়নি।
২৯ সেপ্টেম্বর পুরানা পল্টন থেকে ধরে নিয়ে যাওয়া হয় ছাত্র ইউনিয়নের সাবেক নেতা শামীম আক্তারকে। এ বিষয়ে তাঁর স্ত্রী ঝর্ণা আক্তার পল্টন থানায় জিডি করেছিলেন। ঝর্ণা গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর কী হলো, কে ধরে নিল কিছুই জানা যায়নি। পুলিশের তৎপরতা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।
২০১১ ও ২০১২ সালে মুন্সিগঞ্জ থানা এলাকার মেঘনা নদী থেকে পুলিশ ৩০টির মতো অজ্ঞাত লাশ উদ্ধার করে। এগুলোর বেশির ভাগই গুলি করে হত্যা করে, শরীরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এসব ঘটনার প্রতিটির ক্ষেত্রে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করে পুলিশ। একটি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে তদন্ত শেষ করেছে পুলিশ। অন্যগুলোর তদন্ত এখনো চলছে।