মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের দোতারা মৌজায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বেহাত হওয়া জমির বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। কিন্তু সওজ কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো নীরব।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার প্রথম আলোয় ‘২০ কোটি টাকার জমি বেহাত, চার যুগ পর সওজের হুঁশ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ রবিউল ইসলাম গত বৃহস্পতিবার সরেজমিন তদন্ত করেন। এ সময় স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত থাকলেও সওজের কোনো কর্মকর্তা ছিলেন না। তদন্ত শেষে ইউএনও বলেন, ১৯৫৭ ও ১৯৫৮ সালে দোতারা মৌজায় সওজের জন্য প্রায় ১৪ একর জমি অধিগ্রহণ করে নিয়মানুযায়ী জমির মালিকদের জমির দাম পরিশোধ করে দেওয়া হয়। এরপর অধিগ্রহণ করা জমিতে দুটি ইটভাটা তৈরি করা হয়। ১৯৭৪ সাল পর্যন্ত সওজের তত্ত্বাবধানে সেখানে ইট তৈরি করা হতো। এরপর আর সওজ ওই জমির কোনো খোঁজ রাখেনি। এই সুযোগে জমির আগের মালিকেরা ওই সব জমিতে দখলে থেকে তা তাঁদের নামে রেকর্ড করে নেন।রবিউল ইসলাম অভিযোগ করেন, তদন্তের আগে সওজের মানিকগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানানোর পরও তদন্তকালে সওজের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। তবে সওজের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার বসাক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, জমি উদ্ধারে সওজের চেষ্টা অব্যাহত আছে।