ওমরাহ ভিসায় সৌদি আরবে মানব পাচারের অভিযোগ ওঠা এজেন্সিগুলোর বিরুদ্ধে উন্মুক্ত তদন্ত গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। তবে প্রথম দিনে এজেন্সিগুলোর অধিকাংশের মালিকের বদলে এসেছেন কর্মচারীরা।
গতকাল তদন্ত শেষে তদন্ত কমিটি বলেছে, কাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুনানি শেষে তারা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে।
সকালে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি তদন্ত শুরু করে। কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের উপসচিব (হজ) নাসির উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী নাজির হোসেন, ধর্মমন্ত্রীর একান্ত সচিব মো. আবুল কালাম আজাদ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব নায়েব আলী মণ্ডল।
গতকাল তদন্তে ৫২টি এজেন্সিকে হাজির হতে বলা হয়েছিল। সকালে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে গিয়ে দেখা যায়, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একজন কর্মচারী এজেন্সিগুলোর উপস্থিতি নিশ্চিত করছেন। অধিকাংশ এজেন্সির পক্ষে এসেছেন অফিস সহকারী থেকে বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। বাকি এজেন্সিগুলোর বিষয়ে তদন্ত হবে বৃহস্পতিবার।