তদন্ত শুরু করেছে তিন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল সদর হাসপাতালে কয়েক ঘণ্টার ব্যবধানে চার শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পৃথক তিনটি কমিটি গতকাল শনিবার থেকে তদন্তকাজ শুরু করেছে।
গত শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে চারটি শিশুর মৃত্যু হয় সদর হাসপাতালে। ওই সব শিশুর অভিভাবকেরা অভিযোগ করেন মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ব্যবহার ও ভুল চিকিৎসায় শিশুদের মৃত্যু হয়েছে।
এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক নাহারিন নাসরিনের নেতৃত্বে কমিটির সদস্যরা গতকাল সকালে হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেন। তাঁরা কর্তব্যরত চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসপাতালের সহকারী পরিচালক নূর মোহামঞ্চদ ও টাঙ্গাইলের ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুতুল রায় উপস্থিত ছিলেন।
হাসপাতাল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান নাহারিন নাসরিন জানান, আগামীকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
এ ছাড়া টাঙ্গাইল সদর হাসপাতালের তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ছাড়াও টাঙ্গাইল সির্ভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। আজ রোববার এই দুটি কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।