তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোটার তালিকায় নাম তোলার জন্য টাকা নেওয়ার অভিযোগ তদন্ত করে দেখছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। ইসি সচিবালয়ের যুগ্ম সচিব বিশ্বাস লুৎফর রহমান গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন।একই ঘটনায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বি এম মোস্তফা ফেরদৌসকে গতকাল রোববার কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে অনতিবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে জেলা নির্বাচন কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ‘ভোটার তালিকায় নাম তুলতে টাকা আদায়ের অভিযোগ’ শীর্ষক একটি সংবাদ গতকাল রোববার প্রথম আলোতে প্রকাশিত হয়। আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের কয়েকজন অভিযোগ করেন, ভোটার তালিকায় নাম তোলার জন্য তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বা দাবি করা হচ্ছে।অভিযোগের বিষয়ে জানতে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফেরদৌস গতকাল সরেজমিন এলাকা পরিদর্শন করেছেন। এ ছাড়া সাংবাদিকের ধারণ করা ভিডিওচিত্রও তিনি দেখেছেন।পরিদর্শন শেষে জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তদন্তের পর প্রকৃত দোষীদের বিষয়ে জানা যাবে।এদিকে, নাগদাহ ইউনিয়নের ঘটনা যাতে উপজেলার অন্য কোনো ইউনিয়নে পুনরাবৃত্তি না হয়, সে লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে গতকাল সকালে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মুহামঞ্চদ আবদুস সালামের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বি এম মোস্তফা ফেরদৌস এবং উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।