তদন্ত শুরু করেছে সিআইডি, বিক্ষোভ সমাবেশের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার অনন্ত বিজয় দাশ
ব্লগার অনন্ত বিজয় দাশ

সিলেটে লেখক, ব্লগার ও তরুণ ব্যাংকার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হত্যাকাণ্ডের পর ১৩ দিন পর্যন্ত বিমানবন্দর থানার পুলিশ এ মামলার তদন্ত করছিল। গত দুদিন সিআইডির একটি দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সরেজমিনে অনুসন্ধান চালিয়েছে।
এদিকে অনন্ত হত্যাকাণ্ডে আন্দোলনরত সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো গতকাল রোববার জরুরি সভা করে ১৩ জুন নগরের কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশে ডেকেছে।
পুলিশ ও অনন্তর পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার ঢাকা থেকে সিআইডির একটি দল মামলার তদন্তে সিলেটে এসেছে। তাদের তদন্তকাজে সিলেটের সিআইডি ও পুলিশের কয়েকজন সদস্যও সহায়তা করছেন।
অনন্তর বড় বোনের স্বামী আইনজীবী সমরবিজয় সী শেখর জানান, গত শুক্রবার বিকেলে তিন সদস্যের সিআইডির একটি প্রতিনিধিদল বাসায় এসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে। তদন্তকারী কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী সাধ্যমতো অনন্ত সম্পর্কে তথ্য সরবরাহ করেছেন তাঁরা।

তদন্তকারীদের সার্বক্ষণিক সঙ্গী হিসেবে রয়েছেন সিলেটের বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম। সিআইডিতে মামলাটি স্থানান্তরের আগে তিনিই এ মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করেছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সিআইডির কর্মকর্তারা মামলার আলামতসহ সবকিছু বুঝে নিয়েছেন। শুক্রবার থেকে তাঁরা কাজ শুরু করেছেন। ইতিমধ্যেই তাঁরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করেছেন। তাঁরা এখন মামলার আলামতগুলো ভালোভাবে পরখ করছেন। তদন্তের স্বার্থে যত দিন অবস্থান নিয়ে কাজ করা প্রয়োজন, সিআইডি কর্মকর্তারা তত দিন সিলেট অবস্থান করবেন।’

গত ১২ মে সকালে কর্মস্থলে যেতে বাসা থেকে বের হয়ে সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তা মোড়ে পৌঁছালে অনন্তকে (৩২) কুপিয়ে হত্যা করে চার দুর্বৃত্ত।

১৩ জুন বিক্ষোভ সমাবেশ: অনন্ত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনরত সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর ব্যানারে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১৩ জুন সিলেটের কোর্ট পয়েন্টে প্রগতিশীল রাজনৈতিক দলগুলো বিক্ষোভ সমাবেশ আহ্বান করে এতে প্রগতিশীল রাজনৈতিক কর্মী-সমর্থক, মুক্তিযোদ্ধাসহ মুক্তমনা প্রগতিশীল মানুষজনকে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়েছে।

গতকাল দুপুরে আম্বরখানায় প্রগতিশীল রাজনৈতিক দলগুলো এক জরুরি সভা করে এ কর্মসূচি ঘোষণা করে। দুপুর ১২টায় আম্বরখানার ফয়জুরবাগে অনুষ্ঠিত প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টি সিলেটের সভাপতি আবুল হোসেন। এতে বক্তারা বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণে একের পর এক বিজ্ঞানবিষয়ক লেখকদের হত্যা করা হচ্ছে। জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী তালিকা তৈরি করে এ হত্যাকাণ্ড শুরু করলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। সর্বশেষ অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডএর বড় প্রমাণ। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা না হলে ১৩ জুন বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।