তদন্ত শুরু বিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার অভিযোগ তদন্তের নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।
এদিকে আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ‘পত্রিকার প্রতিবেদন দেখে অভিযোগ করেছে উন্নয়ন আন্দোলন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্তের জন্য দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
গত সোমবার ২০-দলীয় জোট-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের পক্ষে রিটার্নিং কর্মকর্তাকে দুটি অভিযোগ দেওয়া হয়। অভিযোগে বলা হয়, হাছান মাহমুদ প্রার্থী মনজুর আলম সম্পর্কে কটূক্তি, ব্যক্তিগত চরিত্র হনন করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। অন্য অভিযোগে বলা হয়, আ জ ম নাছির ব্যানার টানিয়ে বিভিন্ন সভা-সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর বিরুদ্ধে আনা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিষয়ে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে একটি ব্যাখ্যা পাঠিয়েছেন হাছান মাহমুদ। এতে তিনি কটূক্তি করেননি বলে দাবি করেন। ব্যাখ্যায় বলা হয়, তিনি কেবল সদ্য বিদায়ী মেয়র মনজুরের সাফল্য-ব্যর্থতা তুলে ধরে বক্তব্য দিয়েছেন।
এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল চার কাউন্সিলর প্রার্থীকে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া গতকাল চার কাউন্সিলর প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তাঁরা হলেন ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের বাদশা মিয়া, ২৭ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, ৩৫ নম্বর বকশিরহাট ওয়ার্ডের জাহাঙ্গীর আলম ও একই ওয়ার্ডের নুরুল আমিন।