তদন্ত শুরু, বেতন বোনাস পরিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকায় পলমল গ্রুপের আসওয়াদ কম্পোজিট মিলসে গত মঙ্গলবারের অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত দল গত বুধবার থেকে কাজ শুরু করেছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত কমিটি গতকাল বৃহস্পতিবারও তদন্ত শুরু করতে পারেনি।
কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের বেতন ৭ অক্টোবর পরিশোধ করা হলেও ঈদ বোনাস এবং কর্মীদের বেতন ও ঈদ বোনাস বাকি ছিল। গতকাল তা পরিশোধ করা হয়।
এর আগে গত বুধবার নিহত ব্যক্তিদের প্রতি পরিবারকে জেলা প্রশাসন ২০ হাজার এবং কারখানা কর্তৃপক্ষ ৫০ হাজার টাকাসহ লাশ বহনের খরচ দেয়। কারখানা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে আরও পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও দুই লাখ টাকা করে বিমার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
কারখানা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন সূত্র জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মীরা বুধবার থেকে তদন্ত শুরু করেন।তাঁরা কারখানার বিভিন্ন স্থান পর্যবেক্ষণ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ নির্ণয় করেছেন। কারখানার দ্বিতীয় তলার স্ট্যান্ডার্ড মেশিনের চিমনি বিস্ফোরণ এবং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তাঁরা জানিয়েছেন। তবে অধিকতর তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব নয়।
তদন্ত কমিটির প্রধান গাজীপুর জেলার অতিরিক্ত জেলা হাকিম মো. মহসীন জানান, বুধবার লাশ হস্তান্তর নিয়ে ব্যস্ত থাকায় তদন্তকাজ শুরু করা সম্ভব হয়নি।
শ্রমিকনেত্রীর ওপর হামলার অভিযোগ
আসওয়াদ কম্পোজিট মিলস লিমিটেড কারখানা এলাকায় শ্রমিকনেত্রী মোশরেফা মিশুসহ নেতাদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলনে এ অভিযোগ করেন গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুসহ সংগঠনের নেতারা।