তদন্ত শেষ হলো না আজও, বিচার নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপংকর চক্রবর্তী
দীপংকর চক্রবর্তী

বগুড়ার সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যাকাণ্ডের এক দশক পূর্ণ হচ্ছে আজ ২ অক্টোবর। এই দীর্ঘ সময়ে বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারকাজ শুরু তো দূরের কথা, মামলার সঠিক তদন্তই হয়নি। এ অবস্থায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করেছেন, এমন কাউকে দিয়ে মামলাটির তদন্ত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে দীপংকরের পরিবার।
প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, গত এক দশকে তদন্তের নামে মামলাটির নথি থানা-পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মধ্যে চার দফা হাতবদল হয়েছে। তদন্ত কর্মকর্তা বদল হয়েছে সাতবার। কিন্তু তার পরও তদন্তের নামে সময়ক্ষেপণ ছাড়া কিছুই হয়নি। উল্টো তদন্তকারী দুটি সংস্থা সাক্ষ্য-প্রমাণ না পাওয়ার অজুহাতে সন্দেহজনক আসামিদের মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে তিন দফা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। থানা-পুলিশের একজন তদন্তকারী কর্মকর্তা প্রকৃত ঘটনা আড়াল করতে হত্যাকাণ্ডের দায় চাপানোর চেষ্টা করেছেন জঙ্গি ও সর্বহারাদের ওপর।
সর্বশেষ ২০১৩ সালের ১৩ জুলাই তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন মামলার বাদী নিহত ব্যক্তির ছেলে পার্থ সারথি চক্রবর্তী। সেই থেকে তা শুনানির জন্য পড়ে আছে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ। বাদীপক্ষের আইনজীবী বিনয় কুমার দাশ জানান, মামলাটি পুনরায় কাউকে দিয়ে তদন্ত করানো হবে কি না, সে বিষয়ে আজ বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে।
পেছন ফিরে দেখা: ২০০৪ সালের ২ অক্টোবর। বগুড়ার স্থানীয় দৈনিক দুর্জয় বাংলার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি দীপংকর চক্রবর্তী (৫৬) অন্য দিনের মতোই পেশাগত কাজ শেষে শেরপুর উপজেলা সদরের স্যানালপাড়ার বাসার উদ্দেশে রওনা হন। বাসার কাছে পৌঁছেও গিয়েছিলেন তিনি। রাত সাড়ে ১২টার দিকে বাসার মাত্র ২৫ ফিট দূরে তাঁর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে দীপংকরকে হত্যা করে। পরের দিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন তাঁর ছেলে পার্থ সারথি।
আলোচিত তিন কারণ: হত্যাকাণ্ডের পরপরই থানা-পুলিশ জেলা পূজা উদ্যাপন পরিষদের কমিটি নিয়ে বিরোধ, ভবানীপুর মন্দিরের জায়গা নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সঙ্গে দ্বন্দ্ব এবং একজন জাল টাকার কারবারির সঙ্গে বিরোধের বিষয়টি সামনে নিয়ে তদন্ত শুরু করে। এরপর ভবানীপুর মন্দিরের ভক্ত ষষ্ঠি ঠাকুর, পূজা উদ্যাপন পরিষদের জেলা কমিটির নেতা পরিমল কুমার সিংহের আস্থাভাজন হিসেবে পরিচিত স্বপন কুমার সিংহ, জাল টাকার কারবারি মেহের উদ্দীন এবং বগুড়া জেলা যুবলীগ ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। কিন্তু একমাত্র ষষ্ঠি ঠাকুর ছাড়া আর কাউকেই তেমন জিজ্ঞাসাবাদ করা হয়নি।
মামলার বাদী গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমরাও মনে করি, খুনের কারণ এই তিনটির একটি। তবে বাবা জীবিত থাকতে যে আশঙ্কার কথা বলে গেছেন, তাতে খুনের পেছনে সবচেয়ে জোরালো কারণ হতে পারে জেলা পূজা উদ্যাপন পরিষদের কমিটি নিয়ে বিরোধ। অথচ যাঁদের সঙ্গে বাবার বিরোধ ছিল তাঁদের কাউকেই জিজ্ঞাসাবাদ করা হয়নি।’
মামলাটির একাধিক তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সময়ে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নতুন জেলা কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এক পক্ষে ছিলেন পরিষদের নেতা কল্যাণ প্রসাদ পোদ্দার, অমৃত লাল সাহা ও সাংবাদিক দীপংকর চক্রবর্তী। অন্য পক্ষে ছিলেন শহরের ধনাঢ্য ব্যবসায়ী পরিমল কুমার সিংহ, যুবলীগের নেতা সাগর কুমার রায় ও স্বপন কুমার সিংহ। দ্বন্দ্বের সূত্রপাত সভাপতির পদ নিয়ে। সভাপতি পদে কল্যাণ প্রসাদ পোদ্দারের পক্ষে ছিলেন দীপংকর চক্রবর্তী। আর পরিমল সিংহের পক্ষে ছিলেন অন্যরা।
পার্থ সারথি দাবি করেন, হত্যাকাণ্ডের কয়েক দিন আগে শহরের টেম্পল সড়কের মন্দিরে পূজা উদ্যাপন কমিটির দ্বন্দ্ব নিয়ে সমঝোতা বৈঠক হয়েছিল। সেখানে তাঁর বাবা ছাড়াও কল্যাণ প্রসাদ পোদ্দার, সাগর কুমার রায়, অমৃত লাল সাহাসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। ওই বৈঠকেও পরিমল কুমার সিংহের পক্ষের একজন নেতা বাবাকে মারতে উদ্যত হয়েছিলেন।
এ ব্যাপারে গতকাল রাতে পরিমল কুমার সিংহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যে পূজা উদ্যাপন কমিটি নিয়ে কোনো বিরোধ ছিল না। উনি (দীপংকর) জেলা কমিটিরও কেউ ছিলেন না। এ হত্যাকাণ্ডের আগে আমি তাঁকে চিনতামও না। উনি আমার স্বজাতি। এ রকম জঘন্য ঘটনার আমিও বিচার চাই।’
এদিকে একাধিক তদন্তকারী কর্মকর্তা জানান, ভবানীপুর শিকড় মৌজার ৪২ বিঘা জমি অবৈধভাবে ভোগদখল করছিলেন ভবানীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তাঁর পরিবার। দীপংকরের তৎপরতায় এসব জমি উদ্ধার হয়। পরে আবুল কালাম কয়েকজন হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে এ জমি বর্গা দেখিয়ে কাগজপত্র তৈরি করেন। এ নিয়ে দীপংকরের সঙ্গে চরম বিরোধ তৈরি হয় আবুল কালামের। ওই বিরোধের জের ধরে মন্দিরের অতিথিশালার কাজ নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। কাজ বন্ধের পক্ষে ভূমিকা রাখেন তৎকালীন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
মামলাটি প্রথম দিকে তদন্ত করেছিলেন এমন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভবানীপুর মন্দিরের জমি উদ্ধারের বিরোধ নিয়ে তদন্তের একপর্যায়ে জানা যায়, কেন্দ্রীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত স্থানীয় এক নেতার ঘর থেকেই খুনিরা বের হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আর হত্যাকাণ্ডের পর খুনিদের আশ্রয় দিয়েছিলেন উপজেলা বিএনপির শীর্ষ এক নেতার ভাই কুসুম্বী ইউনিয়নের তৎকালীন এক জনপ্রতিনিধি। এসব বিষয় নিয়ে তদন্ত শুরুর অল্প কয়েক দিনের মাথায় রাজনৈতিক চাপে মামলাটির নথি কেড়ে নেওয়া হয়।
পার্থ সারথির অভিযোগ, ঘটনার পরপরই তিন কারণ সামনে রেখে পূজা উদ্যাপন পরিষদের সন্দেহভাজনদের ধরপাকড় শুরু হলেও শেরপুর থানার তৎকালীন ওসি নূরুল ইসলামের কারণে তা আর এগোয়নি। এমনকি সন্দেহভাজন হিসেবে পূজা উদ্যাপন পরিষদের নেতা ও বিএনপিপন্থী প্রভাবশালী ব্যবসায়ী পরিমল কুমার সিংহকে জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হলেও ওসি তা আমলে নেননি। উল্টো কয়েক দিনের মাথায় মামলাটি তদন্তের জন্য তিনি সিআইডির কাছে পাঠান। পার্থ দাবি করেন, এই খুনের আদ্যোপান্ত ওসি জানতেন। কারা খুন করেছে সেটাও তাঁর জানা। কিন্তু তিনি তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।
এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শেরপুর থানার তৎকালীন ওসি বর্তমানে রাজশাহী মহানগর পুলিশের মতিহার থানার সহকারী কমিশনার (এসি) নুরুল ইসলাম সোমবার প্রথম আলোকে বলেন, সাংবাদিক দীপংকরের খুনিদের সঙ্গে তাঁর আঁতাতের অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, মামলাটি তদন্তে কিংবা খুনিদের ধরার ব্যাপারে কোনো রাজনৈতিক চাপ ছিল না। বিএনপিপন্থী একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ না করার ব্যাপারে তিনি বলেন, ‘এত দিন পর এসব কথা আর মনে নেই।’