তদন্ত শেষ হয়নি এক বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ হত্যা মামলার তদন্ত এক বছরেও শেষ হয়নি। পুলিশ গ্রেপ্তার করতে পারেনি মামলার প্রধান আসামিসহ ছয়জনকে।

নাসিম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। ছাত্রলীগের রাজনীতিতে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

গত বছরের ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএর ২৩তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে নাসিম আহমেদ খুন হন। বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের সূত্রমতে, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কে অতিথি হবেন, এ নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে। এক পক্ষ আ জ ম নাছির উদ্দীনকে অতিথি করার পক্ষে ছিল। অন্য পক্ষ চেয়েছিল সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে অতিথি করতে।

হত্যাকাণ্ডের পরদিন নাসিমের বাবা আবু তাহের ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার বাদী আবু তাহের প্রথম আলোকে বলেন, এক বছর হলেও মামলার প্রধান আসামিইব্রাহিম সোহানকে পুলিশ ধরতে পারেনি। পলাতক অন্য আসামিদেরও ধরতে পারছে না পুলিশ। কারা, কীভাবে তাঁর ছেলেকে হত্যা করেছে, তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্লোজড সার্কিট (সিসি) টেলিভিশন ক্যামেরার ভিডিও ফুটেজে আছে। তারপরও পুলিশ তদন্ত শেষ করতে পারেনি।

জানতে চাইলেমামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, পুলিশ ১১ আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তিনি বলেন, কারা, কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্তে নিশ্চিত হওয়া গেছে। তথ্য-প্রমাণ পাওয়া গেছে। খুনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়াও কয়েকজন বহিরাগত ছিল। শিগগিরই আদালতে অভিযোগপত্র দেওয়া হতে পারে।

হুমায়ুন কবির জানান, গ্রেপ্তার তামীমুল আলম, গোলাম মোস্তফা, জিয়াউল হায়দার, ওয়াহিদুজ্জামান, আশরাফুল আলম, জয়নাল আবেদীন, নুরুল ফয়সাল, আবু জাহেদ, বাদশা সোলেমান, মো. আসিফ ও সাজ্জাদ হোসেন জামিনে আছেন। আসিফ ও বাদশা সোলেমানের নাম এজাহারে ছিল না। তদন্তে তাঁদের নাম এসেছে। তিনি বলেন, প্রধান আসামি সোহানসহ পলাতক ছয়জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।