রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার ঘটনার চার মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি। ফলে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তদন্ত কমিটি বলছে, তারা এ মাসের মধ্যেই প্রতিবেদন জমা দিতে পারবে।
গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য স্নাতকোত্তর কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এ সময় পুলিশও শিক্ষার্থীদের ওপর গুলি করে। এতে ৩০ জন গুলিবিদ্ধসহ শতাধিক শিক্ষার্থী আহত হন।
ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক খালেকুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও ছাত্রলীগ বাদী হয়ে পৃথকভাবে দুটি করে মোট ছয়টি মামলা করে। এসব মামলায় ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪৭৫ জনকে আসামি করা হয়।
তদন্ত কমিটির প্রধান খালেকুজ্জামান বলেন, ‘প্রথমে শিক্ষার্থীরা ভয়ে সাক্ষাৎকার দিতে চাইছিল না৷ ভয় কিছুটা কেটে যাওয়ায় এখন তারা সাক্ষাৎকার দিতে আগ্রহ দেখাচ্ছে। ইতিমধ্যে হামলার শিকার ও আন্দোলনে জড়িত কয়েকজন শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। হামলার শিকার আরও কিছু শিক্ষার্থীর সাক্ষাৎকার নিতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হয়ে গেছে। তবে তদন্তকাজ শুরুর দিকে শিক্ষার্থীরা সাক্ষাৎকার না দেওয়ায় প্রতিবেদন দাখিল করতে বিলম্ব হচ্ছে। আশা করছি, চলতি (জুন) মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা যাবে৷’
অস্ত্রধারীদের চিহ্নিত করতে পেরেছেন িক না, এমন প্রশ্নের জবাবে খালেকুজ্জামান জানান, অস্ত্রধারীদের বিষয়ে কোনো শিক্ষার্থী কিছু বলছেন না। পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ ও ছবি দেখে কিছু শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। তাঁদেরও সাক্ষাৎকারে ডাকা হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়কারীদের মধ্যে অন্যতম আয়াতুল্লাহ খোমেনী বলেন, ‘মামলা প্রত্যাহার ও সান্ধ্য কোর্স বন্ধের বিষয়ে আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি। প্রশাসন বারবার মামলা প্রত্যাহারের আশ্বাস দিলেও চার মাসে তা করা হয়নি।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বলেন, ‘মামলা প্রত্যাহারের বিষয়ে এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না। কমিটি এখনো তদন্ত করছে। প্রশাসনের সিদ্ধান্ত নির্ভর করছে কমিটির প্রতিবেদনের ওপর। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত নেওয়া হবে।’