তদন্ত শেষই হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ধস
রানা প্লাজা ধস

ঠিক এক বছর আগের এই দিনে ডেকে নিয়ে হত্যা করা হয়েছিল এক হাজার ১৩৫ জন শ্রমিককে। আগের দিন ভবনে ফাটল দেখা দিলেও ভবন মালিক সোহেল রানার নির্দেশে কাজে ফিরতে বাধ্য হয়েছিলেন শ্রমিকেরা। এরপরই ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনার ঘটনাটি।
গত একটি বছর সারা বিশ্বে অন্যতম আলোচিত বিষয় ছিল এই রানা প্লাজা ধস। নয়তলা ভবনটি ধসে আহত হন এক হাজার ১৬৭ জন শ্রমিক, গুরুতর আহত ছিলেন ৮১ জন। ভবনধসে অশনাক্ত ২৯১ শ্রমিকের লাশ জুরাইনের কবরস্থানে দাফন করা হয়। পরিচয় নিশ্চিত হতে অশনাক্ত লাশের ৩২২টি ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষাও হয়। অবশ্য এ পরীক্ষার পরও ৮৫টি লাশের পরিচয় এখনো জানা যায়নি।
বছরজুড়ে নানা ধরনের আলোচনা ও লেখালেখি হলেও এখনো শাস্তি পায়নি দোষী ব্যক্তিরা।দেশে ও দেশের বাইরের চাপে ভবন ও পোশাক মালিকেরা গ্রেপ্তার হলেও এখনো মামলার তদন্ত শেষ করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। গত দুই মাস ধরেই তাঁরা বলছেন, শিগগিরই বহুল আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে দেওয়া সম্ভব হবে।
সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্ত শেষ করে ফেলেছে। যেকোনো দিন অভিযোগপত্র দেওয়া হতে পারে। তবে শেষ মুহূর্তে আরেকটু যাচাই-বাছাই করার জন্য কিছু সময় লাগছে। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে।
সিআইডি সূত্র জানায়, রানা প্লাজার ঘটনায় ৪২ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় সাভার উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা(ইউএনও), সাভার পৌর মেয়র, পৌর প্রকৌশলী, রাজউক কর্মকর্তা, কারখানা পরিদর্শক, ভবন মালিক ও পোশাক কারখানার ১৭ মালিক-কর্মকর্তার নাম থাকছে।
রানা প্লাজার ঘটনা নিয়ে মোট মামলা হয়েছিল পাঁচটি। এর মধ্যে গত ২৫ এপ্রিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা হেলাল উদ্দিন বাদী হয়ে ১৯৫২ সালের ইমারত নির্মাণ আইনের ১২ ধারায় সাভার থানায় একটি মামলা করেন। একই দিন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ একই থানায় আরও একটি মামলা করেন। পুলিশের করা মামলায় রানা প্লাজার ধসকে অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে দণ্ডবিধির ৩৩৭/৩৩৮/৩০৪ (ক)/৪২৭/৩৪ (৯) ধারায় অভিযোগ আনা হয়। এ দুই মামলা সিআইডি তদন্ত করছে।
এ ছাড়া পোশাকশ্রমিক জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে ঢাকা মহানগর মুখ্য বিচারিক হাকিমের আদালতে

রানা প্লাজা ধসকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করে দণ্ডবিধির ৩০২/৩৪/৫০৬ ধারায় আরেকটি মামলা করেন। আদালত এই মামলাটিও তদন্ত করতে সিআইডিকে আদেশ দেন।
সিআইডির তদন্তকারী সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর প্রথম আলোকে বলেন, রাজউক ও পুলিশের করা মামলার তদন্তের সঙ্গে শিউলি আক্তারের অভিযোগেরও তদন্ত হচ্ছে।
এ ছাড়া ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহিন শাহ পারভেজ ধামরাই থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করেছিলেন। এ দুটি মামলার অভিযোগপত্র ইতিমধ্যে দেওয়া হয়েছে।
দুটি মামলা এক বছর তদন্ত করার পর সিআইডি কর্মকর্তারা জানান, এ ঘটনা তদন্ত করতে গিয়ে তারা আসামিদের বিরুদ্ধে ভবনের নকশা প্রণয়নে জালিয়াতি, মূল নকশাবহির্ভূত তলা নির্মাণ, নিম্নমানের উপকরণ ব্যবহার, নির্মাণকাজ তদারকি না করা, ঝুঁকিপূর্ণ জেনেও নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়ে শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, জোর করে ও ভয় দেখিয়ে কাজ করানো, অপরাধীকে আশ্রয় দেওয়া এবং পালাতে সহায়তা করার অভিযোগ পেয়েছেন। এসব অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণও পেয়েছে সিআইডি।
সিআইডি এ পর্যন্ত ৪২ জন কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পেয়েছে। এদের ১৪ গ্রেপ্তার আছেন। বাকি সবাই পলাতক। আসামিদের মধ্যে একজন ইতিমধ্যে মারাও গেছেন। তবে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য প্রভাবশালীরা নানা মহলে তদবির করছেন বলে জানা গেছে।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাঁরা হলেন, সাভারের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর উদ্দিন সরদার, ভবন মালিক সোহেল রানা, তাঁর বাবা আবদুল খালেক ও মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী রকিবুল হাসান, সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, পৌরসভার নগর পরিকল্পনাবিদ ফারজানা ইয়াসমিন ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী। আসামির তালিকায় আরও থাকছেন পাঁচ প্রতিষ্ঠানের মালিক-শ্রমিকসহ ১৭ জন।
আসামির তালিকায় আরও থাকছেন শিল্প সম্পর্ক শিক্ষায়তনের প্রকল্প পরিচালক বেলায়েত হোসেন, ঢাকা বিভাগের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের সহকারী কারখানা পরিদর্শক শেখ আসাদুজ্জামান, কারখানা পরিদর্শক মো. ইউসুফ আলী, সহকারী প্রধান পরিদর্শক মাহমুদুল হক, উপপ্রধান পরিদর্শক আমিনুল হক, যুগ্ম শ্রম পরিদর্শক জামশেদুর রহমান, পরিদর্শক শহিদুল ইসলাম, রাজউকের প্রধান ইমারত পরিদর্শক রাহেলা খাতুন ও ইমারত পরিদর্শক আওলাদ হোসেন।