তদন্ত সংস্থা বদরগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জের বিভিন্ন স্থান পরিদর্শন করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার ১০ সদস্যের একটি দল। তারা জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে একাত্তরের গণহত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার বিষয়ে তদন্ত করতে গতকাল সোমবার বদরগঞ্জে যায়।উপজেলা ডাকবাংলোতে সকাল ১০টায় স্থানীয় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তদন্ত সংস্থার সদস্যরা মতবিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধে আজহারুলের বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে অন্তত ১৫ জনের সাক্ষ্য নেন তাঁরা। পরে তদন্ত সংস্থার সদস্যরা বদরগঞ্জের ঝাড়ুয়ারবিল ও ধাপপাড়া বধ্যভূমি পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। ওই দুই বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের সময় প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছিল বলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মাহবুবার রহমান জানান।ঝাড়ুয়ার বিল হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী মেছের উদ্দিন তদন্ত সংস্থাকে বলেন, মুক্তিযুদ্ধের সময় আজহারুলের নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে।তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক বলেন, ‘আমরা সরেজমিন তদন্ত করে একাত্তরে গণহত্যাসহ বিভিন্ন অপরাধে আজহারুলের জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছি।’