একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের কাজে অসন্তোষ প্রকাশ করেছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিলের শুনানির সময় আদালত এ অসন্তোষ প্রকাশ করেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে গতকাল মীর কাসেমের আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান।
যুক্তি উপস্থাপনের একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই মামলার একটি হত্যার অভিযোগে একজন সাক্ষী হাজির করা হয়েছে। তখন তদন্তে অসংগতি ও মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের অদক্ষতার উল্লেখ করে আদালত বলেন, প্রসিকিউটরদের (রাষ্ট্রপক্ষের কৌঁসুলি) বেশি আগ্রহ থাকে মামলা দ্রুত শেষ করে গণমাধ্যমের সামনে আসা। সাক্ষীদেরও গণমাধ্যমের সামনে এনে কথা বলানো হয়।
পরে নিজ কার্যালয়ে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, মীর কাসেমের আপিল শুনানির সময় আপিল বিভাগে বেশ কিছু অসংগতি ধরা পড়ে। এতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার ওপর আদালত গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। শুনানির একপর্যায়ে আদালত বলেন, তাঁদের (প্রসিকিউটর ও তদন্ত সংস্থা) পেছনে সরকার যথেষ্ট অর্থ খরচ করছে। অথচ তাঁরা সঠিকভাবে মামলা তদন্ত ও পরিচালনা করছেন বলে মনে হয় না।
যেসব প্রসিকিউটর অদক্ষতার পরিচয় দিয়েছেন, তাঁদের সরিয়ে দেওয়া উচিত—আদালতের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত সব সময় চান আইনজীবীরা যেন দক্ষ হন, তাঁরা যেন ঠিকমতো আদালতকে সাহায্য করতে পারেন। কাজের প্রতি আইনজীবীদের যেন নিষ্ঠা থাকে। এর আগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলায়ও প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কাজে অসন্তোষ প্রকাশ করেছিলেন আদালত।
মামলা তদন্ত ও পরিচালনায় এই অসংগতির প্রভাব রায়ে পড়বে কি না—জানতে চাইলে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে। এই মামলায় অনেক অভিযোগ আছে, আর সেগুলো আমরা যথাযথভাবে প্রমাণ করতে পারব।’
গতকাল আদালতে যুক্তি উপস্থাপনকালে অ্যাটর্নি জেনারেল বলেন, একাত্তরে চট্টগ্রামের ডালিম হোটেল ছিল নির্যাতন কেন্দ্র। আর এই ক্যাম্পের প্রধান ছিলেন মীর কাসেম আলী। তিনি যাঁদের হত্যার জন্য পাকিস্তানি সেনাদের পরামর্শ দিয়েছেন, বেছে বেছে তাঁদের হত্যা করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। অ্যাটর্নি জেনারেল আশা প্রকাশ করেছেন, আজ রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হবে।
২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একাত্তরে কিশোর মুক্তিযোদ্ধা জসীমসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাঁকে এই সাজা দেওয়া হয়। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন মীর কাসেম।
ফখরুলের মামলা কেন কার্যতালিকায় নেই, তদন্তের নির্দেশ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মামলা দৈনন্দিন কার্যতালিকায় না থাকার বিষয়টি তদন্তের জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, পল্টন থানার তিন মামলায় মির্জা ফখরুলের জামিন ও বিচার বিভাগ নিয়ে তাঁর মন্তব্যের ব্যাখ্যার বিষয়টি মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় থাকার কথা ছিল। কিন্তু দৈনিক কার্যতালিকায় এই মামলাগুলো কেন নেই, তা তদন্তের জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।